সোমবার, ২৭ই এপ্রিল, ২০২৬   |   ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় লিসবন। আগামী জুলাই মাসে পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ কনসার্ট—‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। এই মেগা ইভেন্টে গান গাইতে আসছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি, ‘নগরবাউল’ খ্যাত জেমস।

কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি ঘিরে লিসবনে প্রবাসীদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখে লিসবনের প্রখ্যাত ভেন্যু ‘Lisboa Ao Vivo’-তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে জেমস তাঁর কালজয়ী সব গান দিয়ে দর্শকদের মাতাবেন।

কনসার্টটি সফল করতে এবং বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে গতকাল ২৬ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭টায় লিসবনের এভিনিউ রোমাস্থ ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন, সাংবাদিক , ব্যাবসায়ী ও বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবর্গ।

আয়োজক প্রতিষ্ঠান কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা জানিয়েছে, দর্শকদের জন্য তিন ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ক্লাসিক্যাল টিকিটের মূল্য ২০ ইউরো, গোল্ডেন ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ ইউরো।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্তুগালে এটিই হতে যাচ্ছে এযাবৎকালের সবচেয়ে বড় ও জমকালো বাংলা কনসার্ট। জেমসের মতো আন্তর্জাতিক মানের শিল্পী পর্তুগালে আসায় কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ ফুটে উঠবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version