শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬   |   ২৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টর্ম ক্রিস্টিনে ক্ষতিগ্রস্ত পর্তুগালের মূল ভূখণ্ডের কৃষকরা কৃষি রিজার্ভ থেকে বিশেষ সহায়তার জন্য আবেদন করতে পারবেন। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে।

বছরের শুরুতে ঝড়ের কারণে কৃষকদের আয় কমে যাওয়ার ক্ষতিপূরণ দিতে এ বিশেষ সহায়তা দেওয়া হবে। ৭ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

কৃষি ও মৎস্য খাতে অর্থায়ন ইনস্টিটিউটের (আইএফএপি) ওয়েবসাইটে দেওয়া ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। খোলা মাঠে বার্ষিক ফসল চাষ, গ্রিনহাউসের ফসল, শূকর পালন এবং দুগ্ধ খাতের কৃষকরা এ সহায়তার আওতায় থাকবেন।

যোগ্যতার শর্ত

সরকার জানিয়েছে, প্রতিটি সহায়তা পাওয়ার জন্য নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। নির্ধারিত মানদণ্ড ও প্রয়োজনীয় শর্ত অনুযায়ী সহায়তার অর্থ দেওয়া হবে।

জানুয়ারির শেষ থেকে মার্চের শুরুর দিকে পর্তুগালে ক্রিস্টিন, লিওনার্দো ও মার্তা নামের কয়েকটি নিম্নচাপের প্রভাবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। আহত, গৃহহীন ও বাস্তুচ্যুত হন শত শত মানুষ। নিহতদের অর্ধেকের বেশি মারা যান ঝড়ের পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে।

প্রায় তিন সপ্তাহ ধরে পর্তুগালের মূল ভূখণ্ডে এসব ঝড়ের প্রভাব ছিল। মধ্যাঞ্চল, লিসবন ও তাগুস উপত্যকা এবং আলেন্তেজু অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়গুলোতে হাজার হাজার বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়। গাছ ও বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যুৎ, পানি ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটে এবং বন্যা দেখা দেয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০০ কোটি ইউরোর বেশি বলে জানানো হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version