শুক্রবার, ২৮ই আগস্ট, ২০২৬   |   ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের রাজধানী লিসবনে এক স্বর্ণের দোকান (পন শপ) থেকে প্রায় ৪৮,০০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা) মূল্যের স্বর্ণালঙ্কার বোঝাই একটি ব্যাগ ছিনতাই করেছে তিন মুখোশধারী ডাকাত। ডাকাতির পর তারা একটি গাড়িতে চড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটি এর আগে ফরাসি কর্তৃপক্ষের অনুরোধে জব্দ করার জন্য তালিকাভুক্ত ছিল।

পাবলিক সিকিউরিটি পুলিশ সংবাদমাধ্যম ‘নোতিসিয়াস আও মিনুতো’-কে জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে লিসবনের আরিইরো এলাকার ‘লারগো ক্রিস্তোভাও আইরেস’-এ এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্বর্ণের দোকানের মালিক যখন সকালে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তিন মুখোশধারী ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়। কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে কেবল শারীরিক শক্তি প্রয়োগ করে তারা মালিককে কোণঠাসা করে ফেলে। এরপর দোকানে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত চম্পট দেয়।

ছিনতাইয়ের পর ডাকাতদল একটি ‘পিজো ৩০৮’ মডেলের গাড়িতে চড়ে পালিয়ে যায়। পিএসপি পুলিশ নিশ্চিত করেছে যে, এই গাড়িটি ইউরোপের শেনজেন ইনফরমেশন সিস্টেমে ফরাসি পুলিশের অনুরোধে ওয়ান্টেড বা ‘অবিলম্বে জব্দ করার’ তালিকাভুক্ত ছিল।

ডাকাতি হওয়া স্বর্ণের মূল্য শুরুতে প্রায় ১ লাখ ইউরো (১ কোটি ২০ লাখ টাকা) বলে ধারণা করা হলেও, পরবর্তীতে ভুক্তভোগী দোকান মালিক নিখুঁতভাবে হিসাব করে জানান যে তাঁর প্রায় ৪৮,০০০ ইউরোর সমপরিমাণ স্বর্ণালঙ্কার লুট হয়েছে।

খবর পাওয়ার পর পিএসপি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিন মুখোশধারী ডাকাতকে সনাক্ত করতে এবং ফরাসি নম্বর প্লেটের ওই গাড়িটির অবস্থান ট্র্যাক করতে পুরো লিসবন জুড়ে ব্লক রেইড ও বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version