পর্তুগালের লুরেস অঞ্চলের সাকাভেম এলাকায় এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন গুরুতর আহত হয়েছেন। রোববার মধ্যরাতে একটি ক্যাফের ভেতরের ঝগড়াকে কেন্দ্র করে প্রকাশ্য রাজপথে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। হামলার পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পর্তুগিজ সংবাদ সংস্থা লুসা-কে জানিয়েছে পুলিশ।
লিসবন মেট্রোপলিটন কমান্ডের পিএসপি পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টার দিকে সাকাভেমের ‘রুয়া পেরো এসকোবার’ নামক সড়ক থেকে ছুরিকাঘাতের এই খবর পান তাঁরা। মূলত নিকটবর্তী একটি ক্যাফের ভেতরে শুরু হওয়া বিবাদের জের ধরেই রাস্তায় এসে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের তড়িঘড়ি করে লিসবনের তিনটি ভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরা হলেন—সান্তা মারিয়া হাসপাতাল, সাও ফ্রান্সিসকো হাভিয়ের হাসপাতাল এবং লুরেসের বিয়াট্রিজ অ্যাঞ্জেলো হাসপাতাল।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের সহায়তায় হামলাকারীকে সনাক্ত করা সম্ভব হলেও, তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র বা ছুরিটিও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই পর্তুগালের বিশেষায়িত ‘জুডিশিয়াল পুলিশ’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
রেডিও অবজারভেডোর-কে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের সবার পেটে ও তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। আহত চারজনের মধ্যে একজনের বয়স এখনও জানা যায়নি, তবে বাকি তিনজনের বয়স ২৬ থেকে ৬১ বছরের মধ্যে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
