শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬   |   ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের প্রথম আট মাসে পর্তুগালের বিমানবন্দরগুলোতে যাত্রী চলাচল গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির প্রধান তিনটি বিমানবন্দরের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে পোর্তো বিমানবন্দরে।

পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) প্রকাশিত তথ্যের বরাতে দেশটির পর্যটনবিষয়ক সংবাদমাধ্যম পাবলিতুরিস এ খবর জানিয়েছে।

গত বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত আইএনইর তথ্য অনুযায়ী, গত আগস্টে পর্তুগালের বিমানবন্দরগুলোতে যাত্রী চলাচল গত বছরের একই মাসের তুলনায় ২ শতাংশ বেড়ে ৭৯ লাখে পৌঁছেছে।

আইএনই জানায়, ২০২৬ সালের প্রথম আট মাসের মধ্যে জুন ছাড়া প্রতিটি মাসেই বিমানবন্দরগুলোতে যাত্রী চলাচলের নতুন মাসভিত্তিক রেকর্ড হয়েছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যাত্রী চলাচল বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। এতে দেশটিতে আকাশপথে যাতায়াত বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক যাতায়াতে এগিয়ে পোর্তো

চলতি বছরের প্রথম আট মাসে পর্তুগালের প্রধান তিনটি বিমানবন্দরের মধ্যে পোর্তো বিমানবন্দরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে বিমানবন্দরটি ব্যবহার করেছেন ১ কোটি ২১ লাখ যাত্রী, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেশি।

দেশটির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে শীর্ষে রয়েছে লিসবন। প্রথম আট মাসে পর্তুগালের মোট বিমানযাত্রীর ৪৭ দশমিক ৭ শতাংশ, অর্থাৎ ২ কোটি ৪৩ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। তবে এ সময়ে যাত্রী চলাচল বেড়েছে মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ।

অন্যদিকে, ফারো বিমানবন্দর ব্যবহার করেছেন ৭৬ লাখ যাত্রী। দেশটির মোট বিমানযাত্রীর ১৪ দশমিক ৮ শতাংশ এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪ শতাংশ বেশি।

আগস্টে পর্তুগালের বিমানবন্দরগুলোতে যাত্রীদের অধিকাংশই ছিলেন আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী।

ওই মাসে দেশটির বিমানবন্দরগুলোতে আগত যাত্রীদের ৮১ দশমিক ৪ শতাংশ আন্তর্জাতিক ফ্লাইটে এসেছেন। তাঁদের সংখ্যা ছিল প্রায় ৩২ লাখ, যা গত বছরের আগস্টের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি।

আগত যাত্রীদের উৎস অঞ্চল হিসেবে শীর্ষে ছিল ইউরোপ। মোট আগত যাত্রীর ৬৬ দশমিক ৪ শতাংশ এসেছেন এ অঞ্চল থেকে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ছিল আমেরিকা মহাদেশ, যেখান থেকে এসেছেন মোট যাত্রীর ৯ দশমিক ৮ শতাংশ। এ অঞ্চলের যাত্রীসংখ্যা বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।

আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী বেড়েছে

আগস্টে পর্তুগাল থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। ওই মাসে দেশটির বিমানবন্দরগুলো থেকে প্রায় ৪০ লাখ যাত্রী যাত্রা করেন। তাঁদের ৮২ দশমিক ৩ শতাংশ, অর্থাৎ প্রায় ৩৩ লাখ ছিলেন আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী। গত বছরের একই মাসের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৩ শতাংশ।

যাত্রীদের গন্তব্য হিসেবেও শীর্ষে ছিল ইউরোপ। আগস্টে পর্তুগাল থেকে ছেড়ে যাওয়া মোট যাত্রীর ৬৮ দশমিক ১ শতাংশের গন্তব্য ছিল ইউরোপের বিভিন্ন দেশ। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে ছিল আমেরিকা মহাদেশ। মোট যাত্রীর ৯ দশমিক ৬ শতাংশের গন্তব্য ছিল এ অঞ্চলের বিভিন্ন দেশ। এ ক্ষেত্রে যাত্রী চলাচল বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

এদিকে, আগস্টে পর্তুগালের বিমানবন্দরগুলোতে বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের সংখ্যাও বেড়েছে। এ মাসে বাণিজ্যিক ফ্লাইটের ২৬ হাজার ৭০০টি অবতরণ রেকর্ড করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। জুলাইয়ে এ প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৩ শতাংশ।

আইএনইর তথ্য অনুযায়ী, আগস্টে প্রতিদিন গড়ে ১ লাখ ২৪ হাজার ৯০০ যাত্রী পর্তুগালের বিমানবন্দরগুলোতে পৌঁছেছেন। গত বছরের একই মাসের তুলনায় এ সংখ্যা ২ দশমিক ১ শতাংশ বেশি।

যাত্রী চলাচলে শীর্ষে যুক্তরাজ্য

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্তুগালের আন্তর্জাতিক বিমানযাত্রীদের প্রধান উৎস ও গন্তব্য ছিল যুক্তরাজ্য।

২০২৫ সালের একই সময়ের তুলনায় যুক্তরাজ্য থেকে পর্তুগালে আসা যাত্রীর সংখ্যা বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে, পর্তুগাল থেকে যুক্তরাজ্যগামী যাত্রীর সংখ্যা বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

এ ছাড়া বছরের প্রথম আট মাসে পর্তুগালের আন্তর্জাতিক বিমানযাত্রীদের উৎস ও গন্তব্যের তালিকায় ফ্রান্সকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে স্পেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version