সোমবার, ১৬ই মার্চ, ২০২৬   |   ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগিজ পার্লামেন্টে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য ১০০% অসুস্থতা ভাতা নিশ্চিত করার লক্ষ্যে উত্থাপিত বেশ কয়েকটি বিল বাতিল হয়ে গিয়েছে। শনিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে সরকারি দল পিএসডি এবং সিডিএস-পিপি এর বিরোধিতার মুখে বিরোধী দলগুলোর এই মানবিক উদ্যোগটি ব্যর্থ হয়। বর্তমানে দেশটিতে ক্যান্সার রোগীরা ছুটির মেয়াদের ওপর ভিত্তি করে মূল আয়ের মাত্র ৫৫% থেকে ৭৫% পর্যন্ত ভাতা পেয়ে থাকেন।

পার্লামেন্টে বামপন্থী ব্লক, পিএএন, কমিউনিস্ট পার্টি, শেগা, লিভ্রে এবং লিবারেল ইনিশিয়েটিভ ভিন্ন ভিন্ন বিলের মাধ্যমে ক্যান্সার রোগীদের আর্থিক অনটন থেকে রক্ষার দাবি জানায়। তারা এই চিকিৎসাকালীন বেতন হ্রাসকে রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরণের ‘দণ্ড’ হিসেবে অভিহিত করেন।

ক্ষমতাসীন পিএসডি-র পক্ষ থেকে ভানিয়া জেসাস বলেন, “সবার জন্য সব সহায়তার প্রস্তাব দেওয়া সহজ, কিন্তু রাষ্ট্রীয় কাণ্ডজ্ঞান নিয়ে শাসন করা কঠিন।” তিনি সামাজিক নিরাপত্তার স্থায়িত্বের কথা মাথায় রেখে ধাপে ধাপে সহায়তার পক্ষে মত দেন।

প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি এই ভোটাভুটিতে অংশ না নিয়ে বিরত ছিল। তবে তারা জানিয়েছে, বিষয়টি পরবর্তী বাজেট ও শ্রম আইন সংশোধনের সময় সমন্বিতভাবে দেখা উচিত।

কেবল শতভাগ ভাতাই নয়, লিভ্রে এর পক্ষ থেকে চিকিৎসাধীন রোগীদের শিফট ডিউটি ও ওভারটাইম থেকে অব্যাহতি এবং টেলিকম্যুটিং বা ঘরে বসে কাজের আইনি সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছিল। এছাড়া পিএএন অসুস্থ শিশুদের সেবা প্রদানকারী অভিভাবকদের জন্য দ্রুত সহায়তার দাবি তোলে।

বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীরা একদিকে রোগের যন্ত্রণা এবং অন্যদিকে উল্লেখযোগ্য হারে আয় কমে যাওয়ায় যে ‘দ্বিমুখী যুদ্ধের’ সম্মুখীন হচ্ছেন, পার্লামেন্টের এই সিদ্ধান্তে সেই পরিস্থিতির খুব দ্রুত কোনো পরিবর্তন আসছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version