২০২৫ সালে পর্তুগালে প্রায় ৭০ হাজার ৪০০ জনের নতুন করে ডায়াবেটিস শনাক্ত হয়েছে। এতে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এসএনএস) নিবন্ধিত ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৬০ হাজার ৬৪ জনে।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএস) ২০২৬ সালের জাতীয় ডায়াবেটিস কর্মসূচির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে নিবন্ধিত রোগীর সংখ্যা বেড়েছে ২৩ হাজার ৫৫ জন। বর্তমানে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবার আওতায় প্রাথমিক চিকিৎসা নেওয়া মোট নিবন্ধিত রোগীর ৮.৯ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত।
প্রতিবেদনটির পরিচালক সোনিয়া দু ভালে সতর্ক করে বলেছেন, পর্তুগালে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে দেশটির ১৪ শতাংশের বেশি মানুষ এ রোগে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।
তাঁর মতে, এখনো অনেক রোগী শনাক্তের বাইরে রয়েছেন। ফলে জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসা নিশ্চিত করতে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি।
সোনিয়া বলেন, ‘আমরা আরও বেশি মানুষকে শনাক্ত করতে পারলেও এখনো অনেক রোগীকে খুঁজে বের করা প্রয়োজন। কারা এ রোগে আক্রান্ত, তা জানতে পারলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং জটিলতা প্রতিরোধ করা সম্ভব।’
অঞ্চলভেদে ডায়াবেটিসের হার
পর্তুগালের বিভিন্ন অঞ্চলে ডায়াবেটিসের প্রকোপে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। শনাক্ত রোগীর অনুপাতে সবচেয়ে এগিয়ে আলেনতেজো অঞ্চল, যেখানে এ হার ১০.৬ শতাংশ। এরপর উত্তরাঞ্চলে ৯.৯ শতাংশ, মধ্যাঞ্চলে ৯.৬ শতাংশ, লিসবন ও তেজু উপত্যকায় ৭.৬ শতাংশ এবং আলগারভে ৭.৪ শতাংশ।
আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পর্তুগালে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। তাঁদের মধ্যে ২০ বছরের কম বয়সী ৩ হাজার ১৬১ জন।
১৪ বছর পর্যন্ত শিশুদের মধ্যে নতুন করে টাইপ-১ ডায়াবেটিস শনাক্তের হার ২০২৩ সাল থেকে প্রায় স্থিতিশীল রয়েছে। তবে ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমেছে।
অন্যদিকে, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি নিরূপণে দেশটির মূল ভূখণ্ডের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পরিচালিত পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের ১৭.২ শতাংশের মধ্যে মাঝারি, ১৩.৪ শতাংশের মধ্যে উচ্চ এবং ১.১ শতাংশের মধ্যে অতি উচ্চ ঝুঁকি পাওয়া গেছে।
যাঁদের এ পরীক্ষা করার কথা, তাঁদের প্রায় দুই-তৃতীয়াংশের ঝুঁকি ইতিমধ্যে যাচাই করা হয়েছে। ফলাফল বলছে, আগামী ১০ বছরের মধ্যে তাঁদের প্রায় এক-তৃতীয়াংশের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
সোনিয়া দু ভালে বলেন, অধিকাংশ রোগীই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় প্রতিরোধের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। ঝুঁকি কমাতে সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম, ধূমপান পরিহার এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
ইনসুলিন চিকিৎসায় অগ্রগতি
প্রতিবেদনে ডায়াবেটিসের চিকিৎসায়, বিশেষ করে ইনসুলিন সরবরাহ প্রযুক্তির উন্নতির কথাও তুলে ধরা হয়েছে।
২০২৫ সালের শেষ নাগাদ পর্তুগালে ৬ হাজার ২৯৪ জন রোগী নিয়মিত সাবকিউটেনিয়াস ইনসুলিন ইনফিউশন পদ্ধতিতে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁদের মধ্যে ৫ হাজার ৪৭৪ জন ব্যবহার করছিলেন স্বয়ংক্রিয় ইনসুলিন সরবরাহব্যবস্থা।
২০২৫ সালের শুরুর দিকে ইনসুলিন পাম্প বিতরণব্যবস্থায় পরিবর্তন আনার পর এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ বেড়েছে। নতুন ব্যবস্থায় স্থানীয় ফার্মেসির মাধ্যমে ইনসুলিন পাম্প সরবরাহ শুরু হয়।
শিশু ও তরুণদের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারের হার ২০২৪ সালের ৫৫ শতাংশ থেকে বেড়ে গত বছর ৮০.৫ শতাংশে পৌঁছেছে।
সোনিয়া দু ভালে বলেন, নতুন চিকিৎসাপদ্ধতিগুলো আগের তুলনায় বেশি কার্যকর এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ২০২৬ সাল ও পরবর্তী বছরগুলোতে এসব প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
স্বাস্থ্যগত জটিলতা ও মৃত্যুহার কমেছে
ডায়াবেটিস শনাক্তের সংখ্যা বাড়লেও রোগীদের কয়েকটি স্বাস্থ্যগত জটিলতা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তীব্র হৃদ্রোগ বা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঘটনা কমেছে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়ার ঘটনাও হ্রাস পেয়েছে।
কর্মসূচির পরিচালক এর পেছনে রক্তে শর্করার ভালো নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মতো ঝুঁকির বিষয়গুলো নিয়ন্ত্রণ এবং উন্নত চিকিৎসাব্যবস্থার অবদান রয়েছে বলে মনে করেন।
২০২৪ সালে পর্তুগালের মোট মৃত্যুর ২.৬ শতাংশের কারণ ছিল ডায়াবেটিস। তবে ৭৫ বছরের কম বয়সীদের মধ্যে এ রোগে মৃত্যুহার ২০২০ সালের পর থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে।
স্বাস্থ্যসেবায় ব্যয় ৭৪৮.৭ মিলিয়ন ইউরো
ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর আর্থিক চাপও বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ডায়াবেটিসের চিকিৎসায় সরাসরি ব্যয় হয়েছে ৭৪৮.৭ মিলিয়ন ইউরো।
সাম্প্রতিক বছরগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পেছনে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ২০২৪ সালের তুলনায় সর্বশেষ হিসাবে এ ব্যয় কিছুটা স্থিতিশীল হয়েছে। অন্যদিকে, ডায়াবেটিস রোগীদের হাসপাতালে ভর্তির ব্যয় ধীরে ধীরে কমছে।
২০২৪ সালে পর্তুগালে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়ে মোট ২ লাখ ৮১ হাজার ৩৪৯টি হাসপাতালভিত্তিক চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
এর মধ্যে ডায়াবেটিসকে প্রধান রোগ হিসেবে উল্লেখ করা হয়েছিল এমন বহির্বিভাগীয় চিকিৎসার ঘটনা ছিল ৫২ হাজার ৮১৬টি এবং হাসপাতালে ভর্তির ঘটনা ছিল ৬ হাজার ৯৬৩টি।
