পর্তুগালে গত সেপ্টেম্বর মাসে বাড়ি কেনার গড় দাম প্রতি বর্গমিটারে ৩ হাজার ২২৮ ইউরোতে পৌঁছেছে। রিয়েল এস্টেট পোর্টাল ‘আইডিয়ালিস্টা’র প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসের তুলনায় বাড়িঘরের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। এটি ইঙ্গিত দেয় যে আবাসন বাজারের দাম ধীরে ধীরে বাড়লেও বিভিন্ন অঞ্চলে এই বৃদ্ধির গতি ভিন্ন ভিন্ন।
দামে সর্বোচ্চ ও সর্বনিম্ন ব্যবধান
পর্তুগালের রাজধানী লিসবন এখনও দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর; যেখানে প্রতি বর্গমিটারের মাঝারি মূল্য ৬ হাজার ২৫৬ ইউরো। লিসবনের পরেই রয়েছে পোর্তো (প্রতি বর্গমিটার ৪ হাজার ৩৪০ ইউরো), ফুনশাল (৪ হাজার ৬৬ ইউরো) এবং ফারো (৩ হাজার ৯২৪ ইউরো)।
অন্যদিকে পর্তুগালে বাড়ি কেনার জন্য সবচেয়ে সাশ্রয়ী বা কম খরচের শহর ক্যাতেলো ব্রাঙ্কো; যেখানে প্রতি বর্গমিটারের দাম মাত্র ১ হাজার ৯০ ইউরো।
সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি কোথায়?
পর্তুগালের প্রচলিত প্রধান আবাসন বাজারগুলোর বাইরের এলাকাগুলোতে বাড়ির দাম বেশ দ্রুতগতিতে বাড়ছে। উদাহরণস্বরূপ, ভিলা রিয়ালে বাড়িঘরের দাম ১৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি লেইরিয়া ও বেজায় জমির মূল্যও ঊর্ধ্বমুখী রয়েছে।
দ্বীপপুঞ্জগুলোর মধ্যে মাদেইরার পোর্তো সান্তো দ্বীপে আবাসন মূল্য সর্বোচ্চ ৩১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এর বিপরীতে আজোরেসের ফায়াল দ্বীপ একমাত্র স্থান, যেখানে বাড়ির দাম হ্রাস পাওয়ার রেকর্ড করা হয়েছে।
