আসন্ন ২০২৭ সালের প্রস্তাবিত রাষ্ট্রীয় বাজেটে (ওই২০২৭) পর্তুগালে প্রতি মাসে ৯৭০ ইউরো পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের ব্যক্তিগত আয়কর (আইআরএস) থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছে সরকার।
সংবাদমাধ্যম ‘নতিসিয়াস আও মিনুত’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর নেতৃত্বাধীন সরকারের পার্লামেন্টে পেশ করা প্রস্তাবটিতে ন্যূনতম জীবনযাত্রার ভাতা বা ‘মিনিমাম সাবসিস্টেন্স থ্রেশহোল্ড’ বাড়ানোর কথা বলা হয়েছে, যার মাধ্যমে করমুক্ত আয়ের সীমা নির্ধারিত হয়। প্রস্তাবিত সর্বনিম্ন মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক এই ৯৭০ ইউরো পর্যন্ত আয়ের মানুষদের আগামী বছর কোনো আয়কর দিতে হবে না।
মিনিমাম থ্রেশহোল্ড বা ন্যূনতম করমুক্ত সীমা
ন্যূনতম জীবনযাত্রার ভাতা হলো কম আয়য়ের শ্রমিকদের সুরক্ষায় তৈরি একটি কর নিয়ম; যা নিশ্চিত করে যে কর দেওয়ার পরও যেন তাদের আয়ের একটি নির্দিষ্ট ন্যূনতম অংশ হাতে থাকে। আয়ের পরিমাণের ওপর ভিত্তি করে করদাতারা পূর্ণ বা আংশিক কর ছাড় পেয়ে থাকেন।
প্রস্তাবিত আইন অনুযায়ী, সরকার এই থ্রেশহোল্ড বা সীমা প্রতি বছর ১৩ হাজার ৫৮০ ইউরো অথবা সোশ্যাল সাপোর্ট ইনডেক্স (IAS)-এর ১.৫ গুণের সঙ্গে ১৪ গুণ পরিমাপ করে—এর মধ্যে যেটি বেশি হয়, তা নির্ধারণ করতে চাইছে।
ট্যাক্স ব্র্যাকেট বা করের ধাপ
প্রস্তাবিত বাজেটে সবকটি (নয়টি) আইআরএস ট্যাক্স ব্র্যাকেটের আয়ের সীমা ৩ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে; যার ফলে করদাতারা উচ্চতর ট্যাক্স ব্যান্ডে প্রবেশ করার হার কিছুটা স্বস্তি পাবেন।
প্রস্তাব অনুযায়ী, প্রথম ট্যাক্স ব্র্যাকেটটি বার্ষিক ৮ হাজার ৬৬৬ ইউরো পর্যন্ত করযোগ্য আয় কভার করবে। দ্বিতীয় ব্র্যাকেট ৮ হাজার ৬৬৬ থেকে ১৩ হাজার ৭৫ ইউরো; তৃতীয় ব্র্যাকেট ১৩ হাজার ৭৫ থেকে ১৮ হাজার ৫৩০ ইউরো এবং চতুর্থ ব্র্যাকেট ১৮ হাজার ৫৩০ থেকে ২৩ হাজার ৯৮৫ ইউরো পর্যন্ত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পঞ্চম ব্র্যাকেট ২৩ হাজার ৯৮৫ থেকে ৩০ হাজার ৫৩৮ ইউরো এবং ষষ্ঠ ব্র্যাকেট ৩০ হাজার ৫৩৮ থেকে ৪৪ হাজার ৭৬২ ইউরো পর্যন্ত আয় কভার করবে। সপ্তম ব্র্যাকেট ৪৪ হাজার ৭৬২ থেকে ৪৮ হাজার ৩৭৩ ইউরো, অষ্টম ব্র্যাকেট ৪৮ হাজার ৩৭৩ থেকে ৮৯ হাজার ৯৯৫ ইউরো এবং সর্বোচ্চ নবম ব্র্যাকেটটি বার্ষিক ৮৯ হাজার ৯৯৫ ইউরোর বেশি আয়ের ওপর প্রযোজ্য হবে।
আইআরএস করের হার
সরকার প্রথম ব্র্যাকেটের জন্য ১২ দশমিক ২০ শতাংশ, দ্বিতীয়টির জন্য ১৫ দশমিক ২০ শতাংশ, তৃতীয়টির জন্য ২০ দশমিক ৭০ শতাংশ, চতুর্থটির জন্য ২৩ দশমিক ৬০ শতাংশ এবং পঞ্চম ব্র্যাকেটের জন্য ৩০ দশমিক ৬০ শতাংশ আয়করের প্রস্তাব করেছে।
এছাড়া ষষ্ঠ ব্র্যাকেটের হার হবে ৩৪ দশমিক ৬০ শতাংশ, সপ্তম ব্র্যাকেটের জন্য ৪৩ দশমিক ১০ শতাংশ, অষ্টম ব্র্যাকেটের জন্য ৪৪ দশমিক ৬০ শতাংশ এবং সর্বোচ্চ নবম ব্র্যাকেটের জন্য করের হার হবে ৪৮ শতাংশ।
যদিও প্রথম ছয়টি ব্র্যাকেটের প্রস্তাবিত হার বর্তমান নিয়মের চেয়ে আলাদা, তবে এগুলো ২০২৬ সালের আয়ে অতিরিক্ত আইআরএস হ্রাসের জন্য সরকারের সম্প্রতি দেওয়া প্রস্তাবের হারের সঙ্গেই মিলে যায়। অবশ্য এই ব্যবস্থাগুলো সবই প্রস্তাবিত ২০২৭ সালের রাজ্য বাজেটের অংশ এবং পার্লামেন্টে আইনপ্রণেতাদের আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
