মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬   |   ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘ব্রুনা’ ও ‘চার্লস’-এর জোড়া প্রভাবে চরম বৈরী আবহাওয়ার আশঙ্কায় পর্তুগালের মূল ভূখণ্ডজুড়ে ‘সিচুয়েশন অব অ্যালার্ট’ বা বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির সরকার। বিশেষ করে রাজধানী লিসবনসহ আটটি জেলায় সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ বা লাল সতর্কতা জারি করা হয়েছে।

পর্তুগালের সরকারি গেজেট ‘দিয়ারিও দা রিপাবলিকা’য় প্রকাশিত অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের (মিনিস্ট্রি অব ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন) এক জরুরি ডিক্রির বরাতে এ তথ্য জানা গেছে। এই বিশেষ সতর্কতা ১১ নভেম্বর (বুধবার) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

পর্তুগিজ ইনস্টিটিউট ফর সি অ্যান্ড দ্য অ্যাটমোস্ফিয়ার (আইপিএমএ)-এর পূর্বাভাস অনুযায়ী, এই দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে পর্তুগালজুড়ে অতিভারি বৃষ্টিপাত, উত্তাল সমুদ্র এবং ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে প্রবল দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে আকস্মিক বন্যা, শহরাঞ্চলে জলাবদ্ধতা, গাছপালা উপড়ে পড়া ও অবকাঠামো ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

এই প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু ব্যতিক্রমী জরুরি পদক্ষেপ ঘোষণা করেছে:

১. শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: রেড অ্যালার্ট জারি থাকা জেলাগুলোতে সব ধরনের শিক্ষামূলক কার্যক্রম স্থগিত এবং সরকারি সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২. সরকারি অফিস বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম: এসব জেলায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সব ধরনের অনাবশ্যক সরকারি অফিস বন্ধ থাকবে এবং প্রযোজ্য ক্ষেত্রে কর্মীদের বাসা থেকে কাজের (টেলিওয়ার্ক) নির্দেশ দেওয়া হয়েছে।

৩. চলাচলে নিষেধাজ্ঞা: সাধারণ মানুষকে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঝুঁকি থাকায় বনাঞ্চল, উদ্যান এবং গণপরিসরে মানুষের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

৪. জরুরি বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি: জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ (এএনইপিসি), পুলিশ বাহিনী (জিএনআর ও পিএসপি) এবং ফায়ার সার্ভিসের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় (সর্বোচ্চ রেসপন্স মোড) রাখা হয়েছে।

রেড অ্যালার্টের আওতায় থাকা আটটি প্রধান জেলা হলো—লিসবন, লেইরিয়া, সেতুবাল, সান্তারেম, পোর্তালেগ্রে, এভোরা, বেজা এবং ফারো।

নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পর্তুগিজ প্রশাসন। বিশেষ করে ঝড়ের তীব্রতম সময়ে ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকা, উপকূলীয় এলাকা ও আকস্মিক বন্যাপ্রবণ নদী-নালা এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version