হোয়াটসঅ্যাপে বন্ধুর মেয়েকে প্রতিযোগিতায় জেতানোর জন্য ভোট চাওয়ার নামে নতুন প্রতারণার ফাঁদ ছড়াচ্ছে একটি চক্র। এ ধরনের বার্তা সম্পর্কে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড (জিএনআর)।
পুলিশ জানায়, প্রতারকেরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে দাবি করছে, তাদের কোনো বন্ধুর মেয়ে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাকে জেতাতে বার্তা পাওয়া ব্যক্তির কাছে ভোট চাওয়া হচ্ছে। এভাবে প্রলুব্ধ করে একটি লিংকে ক্লিক করানোর চেষ্টা করছে প্রতারকেরা।
এ ধরনের বার্তা পেলে সেটির সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে জিএনআর। তথ্য নিশ্চিত না হয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পুলিশ আরও সতর্ক করেছে, কেউ লিংকে ক্লিক করে অন্য কোনো ওয়েবসাইটে চলে গেলে সেখানে কোনো যাচাইকরণ কোড বা কিউআর কোড শেয়ার করা উচিত নয়। ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকি কমাতে সন্দেহজনক লিংক না খোলার পরামর্শও দিয়েছে তারা।
পর্তুগালে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ‘হাই, ড্যাড! হাই, মম!’ নামে একটি প্রতারণার ফাঁদ ব্যাপক পরিচিতি পায়। এ কৌশলে প্রতারকেরা নিজেদের ভুক্তভোগীর সন্তান পরিচয় দিয়ে দাবি করত, জরুরি প্রয়োজনে তারা নতুন ফোন নম্বর ব্যবহার করছে। এরপর মা-বাবার কাছে টাকা চাইত। অনেকেই প্রতারকদের পাঠানো অনুরোধে টাকা পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হন।
এ ঘটনায় জড়িত ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে পরে আটক করে লেইরিয়ার আদালতে হাজির করা হয়। গত ৭ অক্টোবর আদালত তাঁকে রাষ্ট্রকে ৫৮ হাজার ৬২৮ দশমিক ৫৮ ইউরো দিতে এবং কয়েকজন ভুক্তভোগীর আর্থিক ও মানসিক ক্ষতির জন্য প্রায় ১৩ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন।
অনলাইন ও বাস্তব জীবনের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বার্তা দিচ্ছে জিএনআর। সংস্থাটির মতে, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন বয়সী মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। পাশাপাশি দৈনন্দিন জীবনে নিরাপদ থাকার উপায় ও প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কেও মানুষকে জানানো সম্ভব হয়
