বুধবার, ৮ই জুলাই, ২০২৬   |   ২৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের চরম উত্তেজনার মাঝেই ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনা ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর এটাই কি শেষ বিশ্বকাপ? ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই কিংবদন্তির অবসর নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ এবং অবসর নিয়ে বেশ খোলামেলা ও স্পষ্ট জবাব দিয়েছেন এই পর্তুগিজ তারকা।

নিজের বিদায়ের সময় নিয়ে রোনালদো সরাসরি বলেন, “আমি যখন চাইব তখনই শেষ করব। আপনারা সবসময় একই প্রশ্ন করেন: ‘এটাই কি শেষ?’ দেখা যাক। শেষটা কেবল পিছিয়ে দেওয়া যেতে পারে: আরেকটা দিন, আরেকটা রাউন্ড। বড়জোর আরও চারটি। তবে ম্যাচে যা-ই ঘটুক না কেন, আমি স্বচ্ছ বিবেক নিয়ে মাঠ ছাড়ব। কারণ আমি ফুটবলকে আমার সবকিছু দিয়ে দিয়েছি। আমার এর প্রয়োজন নেই, আমি ভালোই আছি; আসল ব্যাপার হলো আবেগ।”

দীর্ঘ ২৩ বছরের গৌরবময় ক্যারিয়ারে মাঠের অবিশ্বাস্য পারফরম্যান্সের পাশাপাশি প্রতিনিয়ত মাঠের বাইরের তীব্র সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে ক্যারিয়ারের এই সায়াহ্নে এসেও সেসব সমালোচকদের উদ্দেশ্যে একচুলও ক্ষোভ প্রকাশ করেননি সিআরসেভেন। উল্টো এক বুক আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, “তারা ২৩ বছর ধরে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এসব নিয়ে মাথা ঘামানোর মানে হয় না। বয়স মানুষকে পরিপক্কতা দেয়। আমি যে আক্রমণগুলো পাই, তার জন্যও আমি কৃতজ্ঞ। এটা আমাকে আরও শক্তিশালী করেছে, এর জন্য আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাকে আমার আশার চেয়েও বেশি দিয়েছেন। বাকি সব বাজে কথা।”

কোনো সমালোচনা বা বাইরের কথায় কান না দিয়ে, সম্পূর্ণ নিজের শর্তে ক্যারিয়ারের ইতি টানার বার্তা দিয়েছেন এই মহাতারকা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version