পর্তুগালে অভিবাসীদের জন্য থাকা ‘ব্যতিক্রমী শাসন’ বা এক্সটেনশন পিরিয়ড গত ১৫ এপ্রিল শেষ হওয়ার পর এক ভয়াবহ সংকটে পড়েছেন উবার ও বোল্ট প্ল্যাটফর্মের চালকরা। নবায়ন না হওয়া রেসিডেন্স পারমিট বা মেয়াদোত্তীর্ণ নথির কারণে প্রায় ৮ হাজার টিভিডিই চালকের পেশাদার জীবন এখন স্থবির। দীর্ঘ ৯ বছর ধরে পর্তুগালে বসবাসরত ফিলিপে লোপেসের মতো হাজার হাজার চালক সকালে ঘুম থেকে উঠে দেখেছেন তারা আর কাজ করতে পারছেন না।
আইমা জানিয়েছে, তারা ২০২৫ সালের জুন থেকে এ পর্যন্ত প্রায় ৯০ হাজার প্রক্রিয়া সম্পন্ন করেছে, যার মধ্যে ৮৭ শতাংশই কার্ড হাতে পেয়েছে। কিন্তু সংস্থাটির বিলম্বের কারণে এখনো হাজার হাজার আবেদন ‘পেন্ডিং’ রয়ে গেছে। এই পরিস্থিতিতে ‘বোল্ট’ একটি মানবিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে। তারা ঘোষণা করেছে যে, যেসব চালকের আবেদন ‘বিচারাধীন’ বা ‘বিশ্লেষণাধীন’ অবস্থায় আছে, তারা নির্দিষ্ট প্রমাণপত্র জমা দিয়ে আগামী ৩০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে ‘উবার’ অনেক ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ায় অনেক চালকই এখন বেকার হয়ে পড়েছেন।
