সোমবার, ২৭ই এপ্রিল, ২০২৬   |   ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ এখন নতুন মোড় নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়া তাদের সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার (১১ মার্চ) রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর এটি নিশ্চিত করেছেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন রিফুয়েলিং বিমান (জ্বালানি সরবরাহকারী), উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এখন থেকে রোমানিয়ার ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে।

ইরান শুরু থেকেই সতর্ক করে আসছে যে, যারাই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে তাদের ওপর হামলা চালানোর জন্য ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে, তাদেরই ইরানের সামরিক লক্ষ্যবস্তু বা ‘টার্গেট’ হিসেবে গণ্য করা হবে। ইতিমধ্যে তেহরান সরাসরি তেল আবিব এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রোমানিয়া এই যুদ্ধে সরাসরি সহযোগিতা দেওয়ায় দেশটি এখন ইরানের প্রতিশোধমূলক হামলার উচ্চ ঝুঁকিতে পড়ল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

এর আগে ইসরায়েলের সহযোগী হওয়ার অভিযোগে সাইপ্রাসে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। এবার রোমানিয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আর কেবল এক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। রোমানিয়ার প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে মার্কিন অনুরোধ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং দেশটির পার্লামেন্টে এর চূড়ান্ত অনুমোদন নেওয়ার কথা রয়েছে। এর ফলে কৃষ্ণসাগর অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version