রানওয়ে সংস্কার কাজের জন্য স্পেনের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ‘সান্তিয়াগো-রোজালিয়া দে কাস্ত্রো’ (Santiago-Rosalia de Castro) মে মাসের শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের এই প্রধান এভিয়েশন হাবটি আগামী ২৭ মে ২০২৬ পর্যন্ত সব ধরণের উড্ডয়ন ও অবতরণের জন্য বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ এনিয়া জানিয়েছে, রানওয়ে পুনর্নির্মাণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে ব্রিটিশ এয়ারওয়েজ, রায়ানএয়ার এর মতো জনপ্রিয় এয়ারলাইন্সগুলোর শত শত ফ্লাইট বাতিল বা সময়সূচী পরিবর্তন করা হয়েছে। মে মাসের ‘হাফ-টার্ম’ ছুটির সময় এই অচলাবস্থার ফলে হাজার হাজার পর্যটক ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কেবল সান্তিয়াগো বিমানবন্দরই নয়, স্পেনের আরও ১২টি প্রধান বিমানবন্দরে বর্তমানে বেতন সংক্রান্ত বিরোধের জেরে গ্রাউন্ড স্টাফদের ‘অনির্দিষ্টকালের’ ধর্মঘট চলছে। গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এই আন্দোলনের প্রভাবে বার্সেলোনা, মাদ্রিদ, অ্যালিক্যান্টে, পালমা, ইবিজা, মালাগা এবং ক্যানারি দ্বীপপুঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে পর্যটন খাতে স্থবিরতা নেমে এসেছে। গ্রাউন্ডফোর্স কর্মীরা প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার নির্দিষ্ট তিনটি সময়ে কাজ বন্ধ রাখছেন, যা আকাশপথের যাতায়াতকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার এবং বিকল্প হিসেবে ট্রেন বা বাসের সময়সূচী চেক করার পরামর্শ দিয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিপেনডেন্ট
