রবিবার, ২৯ই নভেম্বর, ২০২৬   |   ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯৭৫ সালে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো দেশটির সরকারে কট্টর ডানপন্থীদের অন্তর্ভুক্তির বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে রোববার এক হাই-স্টেক্স আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী বছরের গ্রীষ্মে নিয়মিত নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত অক্টোবরে আকস্মিকভাবে এই আগাম নির্বাচনের ডাক দেন। দেশের তীব্র আবাসন সংকট সমাধানের লক্ষ্যে সরকারের আনা জরুরি আইনের প্রস্তাব ডানপন্থী ও কট্টর ডানপন্থী দলগুলো পার্লামেন্টে বাতিল করে দেওয়ার পরই তিনি এই পদক্ষেপ নেন।

আবাসন সংকট ও জনবিক্ষোভ
গত সেপ্টেম্বর মাসে মারিয়া দেল কারমেন আবায়াসকাল নামের ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে মাদ্রিদের বাড়ি থেকে উচ্ছেদ করার পর দেশজুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। আবাসন কেনা একটি বিনিয়োগ তহবিল ওই বৃদ্ধার অ্যাপার্টমেন্টের ভাড়া ২৩০ শতাংশ বাড়ানোর দাবি করলে তা দিতে ব্যর্থ হওয়ায় তাকে উচ্ছেদ করা হয়।

দেশজুড়ে ছড়িয়ে পড়া তীব্র প্রতিবাদের মুখে সানচেজের সংখ্যালঘু জোট সরকার ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদ নিষিদ্ধ করা এবং অস্থায়ী ও কক্ষভিত্তিক ভাড়ার ওপর নিয়ন্ত্রণ আরোপসহ বেশ কিছু কঠোর পদক্ষেপের প্রস্তাব করে। কিন্তু কনজারভেটিভ পিপলস পার্টি (পিপি), কট্টর ডানপন্থী ভক্স (Vox) এবং কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুন্টস একজোট হয়ে প্রস্তাবটি আটকে দেয়।

রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য অপ্রত্যাশিত ঝুঁকি নেওয়ার জন্য পরিচিত সানচেজ হিসাব করেছিলেন যে আবাসন সংস্কার আটকে দেওয়ার এই সিদ্ধান্তটি নির্বাচনে বিরোধীদের বিরুদ্ধে তার পক্ষে যাবে। শুক্রবার রেডিও কাদেনা সের-কে আত্মবিশ্বাসের সঙ্গে সানচেজ বলেন, ‘আমাদের পরাজয় আমি ভাবতেই পারছি না। প্রগতিশীল স্পেন যখন জেগে ওঠে, তখন তাকে থামানো যায় না।’

জরিপে এগিয়ে ডানপন্থীরা
তবে বিভিন্ন জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী, সানচেজের স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) ব্যবধান কমিয়ে আনলেও প্রধান বিরোধী দল কনজারভেটিভ পিপি এগিয়ে রয়েছে। পিপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কট্টর ডানপন্থী দল ভক্সের সঙ্গে জোট বেঁধে পরবর্তী সরকার গঠন করতে পারে।

স্পেনের ৩৫০ আসনের কংগ্রেসে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬টি আসনের চেয়ে পিপি ও ভক্স মিলে বেশিসংখ্যক আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সানচেজের দল শেষ মুহূর্তে কোনো নাটকীয় অগ্রগতি অর্জন করলেও বামপন্থী ব্রড ফ্রন্ট ও আঞ্চলিক দলগুলোকে নিয়ে ফের সরকার গঠন করা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে।

দুর্নীতি, সেউতা সংকট ও ট্রেন দুর্ঘটনা
আবাসন ইস্যুকে নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দু করে সানচেজ মূলত নিজের ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করেছিলেন। একই সঙ্গে উত্তর আফ্রিকার ছিটমহল সেউতা সীমান্তে মাত্র ৪৮ ঘণ্টায় মরক্কো থেকে প্রায় ৮০ হাজার অভিবাসী প্রবেশের ঘটনায় সরকারের সমালোচিত অবস্থান থেকেও বেরিয়ে আসার চেষ্টা ছিল এটি।

তবে অক্টোবরের শেষে মাত্র নয় মাসের ব্যবধানে স্পেনে দ্বিতীয় বড় ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ঘটনায় সরকারের নির্বাচনী গতি অনেকটাই ধাক্কা খায়। বিরোধীরা এই মৃত্যুকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে তুলে ধরে প্রচার চালাচ্ছে।

বিরোধীদলীয় নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো নির্বাচনী বিতর্কে সানচেজের তীব্র সমালোচনা করে বলেন, ‘স্পেন একজন মার্জিত প্রধানমন্ত্রীর প্রাপ্য, সানচেজ তা নন।’

জবাবে সানচেজ নিজের কিছু ভুল স্বীকার করলেও দাবি করেন, ২০১৮ সালে তিনি ক্ষমতা নেওয়ার সময়ের তুলনায় স্পেন এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। তিনি এই নির্বাচনকে প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীলদের মধ্যকার লড়াই হিসেবে উল্লেখ করে ভোটারদের এগিয়ে যাওয়ার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version