রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬   |   ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকায় প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দুই প্রবীণ নারীর মৃত্যু হয়েছে এবং দুই শিশু আহত হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কাস্টিল অ্যান্ড লিওন অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ‘মানজানেদো দে ভালদুয়েজা নামের ছোট একটি গ্রামে এই দুর্যোগের পর যথাক্রমে প্রায় ৬০ এবং ৮০ বছর বয়সী দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

তারা আরও জানায়, আহত দুই শিশুকে শরীরে আঘাতজনিত কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নিখোঁজ হওয়া ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পাহাড়ি ও বনাঞ্চল ঘেরা দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স এবং সিভিল গার্ডের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাহাড় থেকে নেমে আসা পাথর ও কাদার স্রোত পুরো গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে এবং একটি গাড়িকে দুমড়ে-মুচড়ে দিয়েছে।

নিকটবর্তী পনফেরাডা শহরের মেয়র মার্কো মোরালা সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে পাথর, কাদা ও স্লাজের বিশাল স্রোত নেমে আসে, যার ফলে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।’ তিনি আরও জানান, এই প্রাকৃতিক দুর্যোগে পার্শ্ববর্তী বোজাস গ্রামেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি সরকারি ছুটির দিনে এই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটল। অথচ গত কয়েক সপ্তাহ ধরে স্পেনকে তীব্র তাপদাহ ও দাবানলের মতো চরম প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে।

ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, মানজানেদো দে ভালদুয়েজা যে লিওন প্রদেশের অন্তর্ভুক্ত, সেখানে ২০২৫ সালে স্পেনের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল হয়েছিল, যা দেশটিতে পুড়ে যাওয়া জমির পরিমাণের দিক থেকে রেকর্ড গড়েছিল।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version