বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬   |   ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে স্পেনের শ্রমবাজারে মৌসুমি প্রভাবে বড় ধরনের পতন দেখা গেছে। দেশটির সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় কর্মরত হিসেবে নিবন্ধিত মানুষের সংখ্যা কমেছে ১ লাখ ৬২ হাজার ৮৪০ জন, আর নতুন করে বেকার হিসেবে নিবন্ধন করেছেন ৪৪ হাজার ৪১৯ জন।

তবে চাকরির বাজারে এই পতন সত্ত্বেও করোনাভাইরাস মহামারির পর আগস্ট মাসে এটি সবচেয়ে কম কর্মসংস্থান হ্রাসের ঘটনা। বছরের ব্যবধানে স্পেনের শ্রমবাজারে প্রায় ৬ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক শেষে স্পেনের বেকারত্বের হার নেমে এসেছে ৯ দশমিক ৮৭ শতাংশে, যা ২০০৮ সালের প্রথম প্রান্তিকের পর সর্বনিম্ন। আগের প্রান্তিকে এই হার ছিল ১০ দশমিক ৮৩ শতাংশ।

আগস্টের শেষ নাগাদ দেশটিতে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৬ হাজারে। ২০০৭ সালের পর আগস্ট মাসে এটিই সর্বনিম্ন বেকারত্বের সংখ্যা।

চলতি বছরের শ্রমবাজারের পরিসংখ্যানে বিদেশি কর্মীদের নিয়মিতকরণ প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। আগস্টের শেষ পর্যন্ত এই প্রক্রিয়ার মাধ্যমে ৩ লাখ ৩৭ হাজার ৯১৭ জন সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় কর্মী হিসেবে যুক্ত হয়েছেন।

বর্তমানে স্পেনে বিদেশি কর্মীর সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে। তারা দেশটির মোট শ্রমশক্তির প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ।

এই পরিস্থিতিকে স্পেনের অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনমন্ত্রী এলমা সাইস ‘ঐতিহাসিক কর্মসংস্থান বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছেন।

মৌসুমি প্রভাবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে শিক্ষা খাতে। গ্রীষ্মকালীন ছুটি ও বিভিন্ন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে ৭৮ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষা খাতের অন্যান্য পেশাজীবী সামাজিক নিরাপত্তা ব্যবস্থার নিবন্ধন থেকে বাদ পড়েছেন।

পর্যটন মৌসুমের ব্যস্ততা শেষ হওয়ার প্রভাবও পড়েছে শ্রমবাজারে। পর্যটননির্ভর মৌসুমি কাজ কমে যাওয়ায় কর্মসংস্থান কমেছে এবং বেকারের সংখ্যা বেড়েছে।

স্পেনের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ বলেন, প্রতি গ্রীষ্মের মতো এবারও ছুটির মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মৌসুমি কর্মসংস্থানের কারণে বেকারত্ব বেড়েছে।

তবে আগস্টে বেকারত্ব বৃদ্ধির হার সাম্প্রতিক বছরগুলোর তুলনায় কিছুটা বেশি। এর পেছনে বিদেশি কর্মীদের নিয়মিতকরণ প্রক্রিয়াও ভূমিকা রেখেছে, কারণ এ সুবিধা পাওয়া কিছু মানুষ চাকরিপ্রার্থী হিসেবেও নিবন্ধন করেছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version