বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬   |   ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সাফ মানা করে দিয়েছে স্পেন। এই ইস্যুতে ওয়াশিংটনের সাথে বাড়তে থাকা উত্তেজনার মাঝে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “মাদ্রিদ কখনোই ওয়াশিংটনের দাস হবে না।”

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করতে না দিলে দেশটির সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে আমেরিকা। ট্রাম্পের এই চরম অর্থনৈতিক হুমকির মুখেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে স্পেন সরকার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপ-প্রধানমন্ত্রী মনতেরো বলেন, “আমরা নিশ্চিতভাবেই কারও অনুগত ভৃত্য হচ্ছি না। আমরা কোনো ধরনের হুমকি সহ্য করব না এবং আমাদের নিজস্ব মূল্যবোধ রক্ষা করব।”

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টেলিভিশন ভাষণে এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ একটি বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে। সানচেজ স্পষ্ট ভাষায় জানান, “কারও প্রতিশোধমূলক ব্যবস্থার অংশীদার হতে গিয়ে আমরা এমন কিছু করব না যা বিশ্বের জন্য ক্ষতিকর কিংবা আমাদের জাতীয় স্বার্থ ও আদর্শের পরিপন্থী।”

উল্লেখ্য, ২০০৩ সালের ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে স্পেন শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যেকোনো নতুন সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো যখন নীরব বা সতর্ক অবস্থান নিয়েছে, তখন স্পেনের এই সাহসী ও স্বাধীনচেতা অবস্থান আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version