যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের রাখার জন্য ব্যবহৃত বিশেষ হোটেলগুলোর সংখ্যা এবং সেখানে থাকা মানুষের সংখ্যায় বড় ধরণের ধস নেমেছে। ইউকে (যুক্তরাজ্য) সরকারের অভিবাসন নীতির সর্বশেষ আপডেট অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের জন্য ব্যবহৃত হোটেলগুলো বন্ধ করার প্রক্রিয়ায় এই বড় ধরণের অগ্রগতি হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় বর্তমানে এসব হোটেলে আশ্রয়প্রার্থীর সংখ্যা প্রায় ৩৫,০০০ জন কমে গেছে, যা শতাংশের হিসেবে প্রায় ৬৩ শতাংশ হ্রাস পেয়েছে।
ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ পর্যায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৪০০টি হোটেল আশ্রয়প্রার্থীদের রাখার জন্য ব্যবহার করা হচ্ছিল। এর পেছনে ব্রিটিশ করদাতাদের প্রতিদিন প্রায় ৯০ লাখ (৯ মিলিয়ন) পাউন্ড খরচ হতো। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই হোটেলগুলোতে অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৬,০০০ জনে পৌঁছেছিল। বর্তমানে সেই সংখ্যা ৬৩ শতাংশ কমে এসেছে। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অভিবাসীদের জন্য এই ধরণের সমস্ত ‘আশ্রয় হোটেল’ স্থায়ীভাবে এবং চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
তথ্যসূত্র: ব্রিটিশ হোম অফিস
