লন্ডনের লাইফলাইন খ্যাত আন্ডারগ্রাউন্ড বা টিউব রেল চালকদের ইউনিয়ন আরএমটি (RMT)-র ডাকা ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার দুপুর থেকে শহরটির যোগাযোগ ব্যবস্থায় বড় ধরণের অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে। মূলত চালকদের কাজের সময়সূচী পরিবর্তন এবং দীর্ঘ ডিউটি জনিত ক্লান্তির ফলে নিরাপত্তা ঝুঁকির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই প্রথম ধাপের ধর্মঘট চলবে বুধবার দুপুর পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে আগামী বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আবারও ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ধর্মঘটের কারণে লন্ডনের গুরুত্বপূর্ণ পিকাডিলি এবং সার্কেল লাইন সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া মেট্রোপলিটান লাইনের বেকার স্ট্রিট থেকে অল্ডগেট এবং সেন্ট্রাল লাইনের হোয়াইট সিটি থেকে লিভারপুল স্ট্রিট পর্যন্ত কোনো ট্রেন চলবে না। অন্যান্য রুটে সীমিত আকারে ট্রেন চলাচলের কথা থাকলেও সেগুলোতে দীর্ঘ বিরতি ও অতিরিক্ত যাত্রচাপের কারণে যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে, গুরুত্বপূর্ণ লাইনগুলো বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের যাতায়াতে আজ থেকে মারাত্মক বিঘ্ন ঘটবে।
এই সংকটের মূলে রয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন এর একটি প্রস্তাব, যেখানে চালকদের জন্য সপ্তাহে চার দিন কাজ করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। আরএমটি ইউনিয়নের দাবি, এই নিয়মে প্রতিদিন চালকদের দীর্ঘ সময় একটানা কাজ করতে হবে, যা তাদের শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ হয়ে দাঁড়াবে। তারা এর পরিবর্তে একই বেতনে সপ্তাহে ৩২ ঘণ্টা কাজের দাবি জানিয়েছে। তবে অন্য চালক ইউনিয়ন ‘অ্যাসলেফ’ এই ধর্মঘটের বিরোধিতা করে বলেছে, এই প্রস্তাবটি চালকদের জন্য সুবিধাজনক। টিএফএল কর্তৃপক্ষও এই ধর্মঘটকে ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছে, কারণ তাদের মতে এই নিয়মটি বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও, দুই পক্ষের অনড় অবস্থানের কারণে আজ দুপুর থেকেই লন্ডনের রাজপথে যাত্রীদের ভোগান্তি এখন অবধারিত।
