বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬   |   ২০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য সরকার। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ চার্টার্ড ফ্লাইট পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি জানান, আটকেপড়া নাগরিকদের উদ্ধারে আগামী কয়েক দিনের মধ্যে ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিশেষ সরকারি চার্টার্ড ফ্লাইট ছেড়ে আসবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক বর্তমানে অবস্থান করছেন, তার সঠিক তথ্য জানতে সম্প্রতি নতুন করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য। সরকারি তথ্যমতে, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার নাগরিক এই তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানান, বিপুল সংখ্যক নাগরিক নিবন্ধিত হলেও সবাইকে একসাথে ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে যারা বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ অবস্থায় রয়েছেন, উদ্ধারকারী ফ্লাইটে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version