বৃহস্পতিবার, ১৯ই ফেব্রুয়ারি, ২০২৬   |   ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে বেকারত্বের হার প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নতুন চাকরি পাওয়া আগের তুলনায় আরও কঠিন হয়ে পড়ছে, কারণ কর্মী ছাঁটাই বাড়ছে এবং প্রতিটি শূন্যপদের বিপরীতে বেকার মানুষের সংখ্যা পোস্ট–প্যান্ডেমিক সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত তিন মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.২ শতাংশে। ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত তিন মাসের পর এটি সর্বোচ্চ।

২০২৪ সালে লেবার সরকার ক্ষমতায় আসার সময় বেকারত্বের হার ছিল ৪.১ শতাংশ। তখন অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হলেও নতুন পরিসংখ্যান শ্রমবাজারে চাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

ওএনএস জানায়, বর্তমানে কর্মহীন মানুষের একটি বড় অংশ সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন। একই সঙ্গে প্রতিটি শূন্যপদের বিপরীতে বেকারের সংখ্যা বেড়ে নতুন পোস্ট–প্যান্ডেমিক উচ্চতায় পৌঁছেছে। যদিও গত কয়েক মাসে মোট চাকরির শূন্যপদের সংখ্যায় বড় কোনো পরিবর্তন হয়নি।

পরিসংখ্যানে আরও দেখা গেছে, কর্মী ছাঁটাইয়ের ঘটনাও বাড়ছে, যা সামগ্রিক শ্রমবাজারের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, বেকারত্বের হার বাড়া এবং চাকরির বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়া অর্থনীতির ধীরগতির একটি ইঙ্গিত। এতে নতুন চাকরিপ্রার্থীদের পাশাপাশি কর্মরতদের মধ্যেও অনিশ্চয়তা বাড়তে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version