সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬   |   ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ বিশ্বের নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার (২রা মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে কার্যকর হবে এবং সাধারণ ভিজিটর ভিসার জন্য এটি প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান এবং ইউরোপের দেশ আলবেনিয়া, বেলারুশ, বসনিয়া, জর্জিয়া, হার্জেগোভিনা, কসোভো, মন্টেনিগ্রো ও রাশিয়াসহ আরও অনেক দেশ রয়েছে।

মূলত যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের অবশ্যই স্বাবলম্বী হতে হবে এবং তারা আমেরিকানদের ওপর কোনো আর্থিক বোঝা হয়ে থাকতে পারবেন না। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে অবৈধভাবে মার্কিন জনকল্যাণ সুবিধা ব্যবহার করতে না পারে এবং জনসাধারণের কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করতেই মূলত দেশটির পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপ নিয়েছে।

তবে এই স্থগিতাদেশের মধ্যেও আবেদনকারীদের জন্য কিছু প্রক্রিয়া স্বাভাবিক রাখার কথা জানানো হয়েছে। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা নিয়মিতভাবে অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং পূর্বনির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নিয়মিত ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম আগের মতোই চালিয়ে যাবে বলে দূতাবাসের ওই বার্তায় নিশ্চিত করা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version