বুধবার, ১২ই আগস্ট, ২০২৬   |   ২৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে আয়োজিত এক অনুষ্ঠানে আইনি প্রক্রিয়া মেনে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে স্ত্রীর হাতের ওপর নিজের হাত রাখতে দেখা যায়। দুজনের আঙুলেই ছিল বিয়ের আংটি।

তাদের এ বিয়েকে ‘বছরের সেরা বিয়ে’ আখ্যা দিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, ১১ আগস্ট লিসবনের কাছের উপকূলীয় শহর কাসকাইসে এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিলেন।

রোনালদোর ইনস্টাগ্রাম পোস্টটি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যে ৩০ লাখেরও বেশি লাইক পড়ে।

জর্জিনা পেশায় একজন মডেল ও ইনফ্লুয়েন্সার। মাদ্রিদের একটি গুচি শপে তিনি কাজ করতেন। সেখানেই এই যুগলের পরিচয়। সে সময় রোনালদো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলতেন। এরপর ১০ বছর ধরে একসঙ্গে আছেন তারা।

গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন তারা। সে সময় রদ্রিগেজ একটি বড় আংটির ছবি পোস্ট করে তার মাতৃভাষা স্প্যানিশে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার প্রতিটি জন্মেই।’

রোনালদো তার খেলোয়াড়ি জীবনে প্রায় এক হাজার গোল করেছেন। তিনি লিসবন স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, সৌদি আরবের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন।

তিনি সম্প্রতি তার জীবনের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে পুরুষদের বিশ্বকাপে সর্বাধিক আসরে অংশগ্রহণের রেকর্ড গড়েছেন। একই রেকর্ড আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসির দখলেও রয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version