স্লোভেনিয়ার সাধারণ নির্বাচনে এক শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সামান্য ব্যবধানে জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী রবার্ট গোলব-এর নেতৃত্বাধীন লিবারেল দল ‘ফ্রিডম মুভমেন্ট’। সোমবার প্রকাশিত প্রায় শতভাগ ভোটের ফলাফল অনুযায়ী, লিবারেলরা ২৮.৬২ শতাংশ ভোট পেয়ে পার্লামেন্টে ২৯টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও ডানপন্থী পপুলিস্ট নেতা জানেজ জানসার দল ‘স্লোভেনীয় ডেমোক্রেটিক পার্টি’ ২৭.৯৫ শতাংশ ভোট পেয়ে ২৮টি আসন পেয়েছে। মাত্র ০.৬৭ শতাংশ ভোটের এই ব্যবধান দেশটিতে আগামী কয়েকদিনের জন্য এক জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।
নির্বাচনের এই ফলাফলকে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিজয়ী প্রধানমন্ত্রী রবার্ট গোলব সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে একে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, স্লোভেনিয়ার সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে তিনি কাজ করে যাবেন। তবে এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা (৪৬ আসন) না পাওয়ায় সরকার গঠনের জন্য গোলবকে এখন ছোট দলগুলোর সাথে জোট বাঁধার আলোচনায় বসতে হবে। বিশ্লেষকরা একে ‘কঠিন সমঝোতার পথ’ হিসেবে বর্ণনা করছেন।
অন্যদিকে, পরাজয় মেনে নিলেও জানেজ জানসা এক সতর্কবার্তায় বলেছেন যে, এই ফলের কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। তিনি এই নির্বাচনকে ‘দুর্নীতির বিরুদ্ধে গণভোট’ হিসেবে উল্লেখ করেছিলেন। নির্বাচনের আগে গোপন ভিডিও রেকর্ড এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার নানা অভিযোগে প্রচারণায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। গ্রামীণ এলাকায় জানসার জনতুষ্টিবাদী নীতি শক্তিশালী হলেও শহুরে ভোটারদের সমর্থনে শেষ পর্যন্ত লিবারেলরাই জয়ের হাসি হাসল।
বর্তমানে স্লোভেনিয়ার ৯০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের চাবিকাঠি রয়েছে কিংমেকার হিসেবে পরিচিত ছোট দলগুলোর হাতে। রবার্ট গোলব ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ডানপন্থী এসডিএস বাদে অন্য সব দলের সাথে জোটের আলোচনা করতে প্রস্তুত। যদি দ্রুত একটি স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব না হয়, তবে এটি ইউরোপের এই ছোট দেশটিতে দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী অচলাবস্থা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
