২৮টি দেশের ২২৩টি প্রতিযোগী শহরকে পেছনে ফেলে ১৩তম ‘ক্রিয়েটিভ ট্যুরিজম অ্যাওয়ার্ডস’-এ ‘ইউরোপস বেস্ট ক্রিয়েটিভ সিটি ডেস্টিনেশন ২০২৬’ খেতাবে ভূষিত হয়েছে লিউব্লিয়ানা। আন্তর্জাতিক জুরিবোর্ড শহরটির পর্যটন কৌশল এবং দীর্ঘমেয়াদী নগর উন্নয়নের সাথে সৃজনশীলতার অনন্য সমন্বয়কে স্বীকৃতি জানিয়ে এই সম্মানের জন্য নির্বাচিত করেছে। বিচারকদের মতে, লিউব্লিয়ানা স্থানীয় শিল্পী ও কারিগরদের সাথে মিলে তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটকদের সামনে এমনভাবে তুলে ধরেছে, যা স্থানীয় জীবনযাত্রার মানকেও উন্নত করছে।
লিউব্লিয়ানা ট্যুরিজম কর্তৃপক্ষ তাদের ২০২৭ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এবং সবচাইতে সৃজনশীল টেকসই জীবনযাত্রার শহর হওয়া। বর্তমানে শহরটি শিল্পী, ডিজাইনার, স্থপতি এবং ডিজিটাল উদ্ভাবকদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। লিউব্লিয়ানা পর্যটন ব্যবস্থার বিশেষত্ব হলো এখানকার অংশগ্রহণমূলক অভিজ্ঞতা। পর্যটকরা এখানে কেবল দর্শনার্থী হিসেবে আসেন না, বরং তারা ঐতিহ্যবাহী হস্তশিল্পের কর্মশালা কিংবা ‘সেন্টার রগ’-এর মতো স্থানে সরাসরি সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। এছাড়া ভালোবাসা ও শিল্পের উৎসব ‘এলইউভি ফেস্ট’ এর সময় থিয়েটার, অপেরা এবং আর্ট ইন্সটলেশনের মাধ্যমে পুরো শহর এক প্রাণবন্ত রূপ ধারণ করে।
উল্লেখ্য যে, ২০১৪ সাল থেকে ‘ক্রিয়েটিভ ট্যুরিজম নেটওয়ার্ক’ এই সম্মানজনক পুরস্কার প্রদান করে আসছে। মূলত যারা পর্যটন কৌশলের মূলে সৃজনশীলতাকে প্রধান স্থান দেয় এবং স্থানীয় সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে, তাদেরই এই স্বীকৃতি দেওয়া হয়। লিউব্লিয়ানার এই অর্জন প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে একটি শহর কীভাবে বিশ্বমঞ্চে পর্যটকদের কাছে সেরা গন্তব্য হয়ে উঠতে পারে।


