সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬   |   ১লা , ১৪৩২ বঙ্গাব্দ

উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরি-শার্ল। এক শোকবার্তায় তিনি এই প্রখ্যাত শিল্পীর কণ্ঠকে ‘প্রজন্ম ও সীমান্তের ঊর্ধ্বে’ এক অনন্য প্রতিভা হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রদূত তাঁর বার্তায় উল্লেখ করেন যে, আশা ভোঁসলে কেবল ভারতেই নয়, বরং ফরাসি দর্শকদের হৃদয়েও এক বিশেষ স্থান দখল করে আছেন।

শোকবার্তায় সেরি-শার্ল বিশেষভাবে ২০১৪ সালে প্যারিসের বিখ্যাত ‘থিয়েটার ডু শ্যালেট’-এ আশা ভোঁসলের ঐতিহাসিক পারফরম্যান্সের স্মৃতি স্মরণ করেন। তিনি বলেন, “আশা ভোঁসলের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তিনি এমন একজন অসাধারণ শিল্পী ছিলেন যাঁর কণ্ঠ সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়ে পৌঁছেছে। বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের পক্ষ থেকে আমি তাঁর পরিবার, প্রিয়জন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগনিত ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

ফরাসি রাষ্ট্রদূত আরও যোগ করেন যে, আশা ভোঁসলের সঙ্গীত ও তাঁর বিশাল উত্তরাধিকার পরবর্তী প্রজন্মের মাঝে চিরকাল বেঁচে থাকবে। দীর্ঘ কয়েক দশক ধরে জাদুকরী কণ্ঠ দিয়ে বিশ্ব সঙ্গীত জগতকে সমৃদ্ধ করা এই শিল্পীর প্রতি রাষ্ট্রদূতের এই বিশেষ বার্তা দুই দেশের সাংস্কৃতিক বন্ধন এবং শিল্পের প্রতি ফ্রান্সের গভীর শ্রদ্ধারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version