পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক মেলা ‘বাজার ডিপ্লোমাটিকো ২০২৬’ (Bazar Diplomático 2026)। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় লিসবন কংগ্রেস সেন্টারে এ মেলার উদ্বোধন করেন পর্তুগালের রাষ্ট্রপতি আন্তোনিও হোসে সেগুরো।
পর্তুগালে অবস্থিত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে এ মেলায় অংশ নিয়েছে। বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও খাদ্যসংস্কৃতির প্রদর্শনীর মধ্য দিয়ে মেলাটি আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের মিলনমেলায় পরিণত হয়েছে।
লিসবনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মেলায় অংশ নেয় বাংলাদেশ প্যাভিলিয়ন। সেখানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনের পর পর্তুগালের রাষ্ট্রপতি আন্তোনিও হোসে সেগুরো বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বাংলাদেশি পণ্যের প্রশংসা করেন।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্যের বৈচিত্র্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে পর্তুগালসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যের পরিচিতি আরও বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই আয়োজন।
