সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬   |   ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের রাজধানী লিসবনে সংগীত পরিবেশন করতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের। আগামী ৮ জানুয়ারি ২০২৭ লিসবনের ঐতিহ্যবাহী সাগ্রেস ক্যাম্পো পিকেনো (Sagres Campo Pequeno) মিলনায়তনে তাঁর একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। নেপালি কমিউনিটি অব পর্তুগালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগী হিসেবে থাকছে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’ (Casa do Bangladesh)।

আয়োজকদের মতে, পর্তুগালে প্রথমবারের মতো বাংলাদেশি ও নেপালি কমিউনিটির দুটি সংগঠন যৌথভাবে এত বড় একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন করতে যাচ্ছে।

এ উপলক্ষে কাজা দো বাংলাদেশের উদ্যোগে লিসবনের বেনফরমোসো সড়কের একটি রেস্তোরাঁর হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগীতানুষ্ঠানের বিভিন্ন দিক ও আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন দুই সংগঠনের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, এটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি ও নেপালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের একটি উদ্যোগ। ভাষা ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও যৌথ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চান তাঁরা।

সংবাদ সম্মেলনে কাজা দো বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম আহমেদ, ইকবাল হোসাইন কাঞ্চন, শাহীন আহমেদ, ফারুক শিকদার, জুয়েল আহমেদ, শামীম আহমেদ, বাবু শিকদার ও রাবেল আহমেদ। নেপালি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুনিল পেরিয়ারসহ সংগঠনটির অন্য প্রতিনিধিরা।

ভারতের সংগীতজগতে সুফি ও লোকসংগীতের স্বতন্ত্র গায়কির জন্য বিশেষভাবে পরিচিত কৈলাস খের। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের কাছেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, কৈলাস খেরের এই সংগীতসন্ধ্যা পর্তুগালে বসবাসরত বাংলাদেশি, নেপালিসহ বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে। একই সঙ্গে এ আয়োজন প্রবাসে বিভিন্ন দেশের জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার নতুন পথ তৈরি করবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version