জার্মানির কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ‘FBE Young Lawyers Human Rights Oratory Competition 2026’-এ অংশ নিয়েছেন ইতালিপ্রবাসী বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল আব্দুল।
২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ আইনজীবী, প্রশিক্ষণার্থী ও আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
ইউরোপের বিভিন্ন দেশের তরুণ আইনজীবীদের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়ানো, মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘জনঅংশগ্রহণ দমনে কৌশলগত মামলা বা SLAPP: একবিংশ শতাব্দীর একটি আইনি হাতিয়ার’।
SLAPP-এর পূর্ণরূপ Strategic Lawsuits Against Public Participation। এ ধরনের মামলার মাধ্যমে সাংবাদিক, মানবাধিকারকর্মী, নাগরিক সংগঠন কিংবা জনস্বার্থে কথা বলা ব্যক্তিদের ব্যয়বহুল আইনি প্রক্রিয়ায় জড়িয়ে তাঁদের মতপ্রকাশ ও কর্মকাণ্ড নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়।
মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সুরক্ষা, আইনের অপব্যবহার এবং আইনজীবীদের নৈতিক দায়িত্বের সঙ্গে বিষয়টি গভীরভাবে সম্পর্কিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এ বিষয়ে নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপন করেন। পরে বিচারকমণ্ডলী নির্বাচিত চার প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা এবং ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজনে পালেরমো বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অংশ নেওয়া বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল আব্দুল বলেন, “এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আজকের বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং জনস্বার্থে কথা বলার স্বাধীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।”
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের আইনজীবীদের অভিজ্ঞতা বিনিময়, মানবাধিকারবিষয়ক ধারণা বিস্তৃত করা এবং পেশাগত দক্ষতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।
প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা অর্জনের কথা জানান সাইদুল আব্দুল। গতকাল ইতালিতে ফিরে আসেন তিনি।
আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও আইনের শাসনবিষয়ক আলোচনায় তাঁর অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা।
