সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬   |   ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী বছরের মার্চে পদত্যাগের কথা বিবেচনা করছেন বলে দেশটির রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। রোমে ইউরোপীয় শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর তিনি পদত্যাগ করতে পারেন বলে ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ইতালীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকা ও ফ্যানপেজ-এর প্রতিবেদন অনুযায়ী, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করে আগাম জাতীয় নির্বাচনের পথ তৈরি করার একটি কৌশল নিয়ে আলোচনা চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জোটের গুরুত্বপূর্ণ নেতা ও মিত্র আন্তোনিও তাজানি, মাতেও সালভিনি এবং মাউরিজিও লিপির সঙ্গে বৈঠকে সম্ভাব্য এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন মেলোনি। পরিকল্পনা অনুযায়ী, মার্চের শেষ দিকে ইউরোপীয় শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর তিনি দেশটির রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

এই পরিকল্পনার লক্ষ্য হলো বসন্তের শেষ দিকে বা জুনে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনের সঙ্গে একই সময়ে বা কাছাকাছি সময়ে আগাম জাতীয় নির্বাচন আয়োজন করা। এতে নির্বাচনী প্রক্রিয়া সংক্ষিপ্ত করে দ্রুত প্রচারণায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

সম্ভাব্য আগাম নির্বাচন নিয়ে আলোচনা সামনে আসার পর ইতালির রাজনৈতিক দলগুলোও তৎপরতা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুনে ভোটের সম্ভাবনা বিবেচনায় নিয়ে মিলান, রোম, নেপলস ও তুরিনের মতো বড় শহরগুলোতে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তবে মেলোনির পদত্যাগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগাম নির্বাচন আয়োজনের বিষয়টি দেশটির সাংবিধানিক প্রক্রিয়া ও রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version