মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬   |   ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, দক্ষ জনশক্তি বিনিময় এবং ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

হুমায়ুন কবির দুই দেশের মধ্যে বিদ্যমান ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান।

এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ করেন তিনি।

সাক্ষাতে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version