শনিবার, ৮ই আগস্ট, ২০২৬   |   ২৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৮ ঘণ্টার বেশি সময় ধরে ইতালির রোম বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি উড্ডয়ন করেনি। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক যাত্রী। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকে বিমানবন্দরের মেঝেতেও রাত কাটিয়েছেন।

ফ্লাইটটিতে ২৬০ জন যাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশের পাসপোর্টধারী। রোম বিমানবন্দরের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় বাংলাদেশি যাত্রীদের হোটেলে নেওয়া সম্ভব হয়নি। ফলে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় অবস্থান করতে হচ্ছে তাঁদের।

বিমানের পক্ষ থেকে শুক্রবার রাতে যাত্রীদের জন্য একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও অতিরিক্ত যাত্রীর কারণে সেখানে সবার জায়গা হয়নি। ফলে অনেক যাত্রীকে বিমানবন্দরের মেঝেতে রাত কাটাতে হয়েছে।

ফ্লাইটের যাত্রী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মো. আবু সাঈদ জানান, রোম বিমানবন্দরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ত্রুটির কথা বলে প্রায় আট ঘণ্টা যাত্রীদের উড়োজাহাজের ভেতরে বসিয়ে রাখা হয়। ফ্লাইটে অনেক বয়স্ক ও শিশু যাত্রী ছিলেন। দীর্ঘ সময় এভাবে বসিয়ে রাখায় তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, একপর্যায়ে ফ্লাইটের অধিকাংশ যাত্রী অসুস্থ বোধ করলে বিমানের কর্মকর্তারা এসে তাঁদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাঁরা হোটেলে যেতে পারেননি। তাঁদের খাবার ও থাকার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

আরেক যাত্রী জানান, ফ্লাইটে অনেক ডায়াবেটিস রোগী ছিলেন, যাঁদের সময়মতো খাবার খাওয়া ও ইনসুলিন নেওয়া প্রয়োজন। কিন্তু লাগেজ উড়োজাহাজের ভেতরে থাকায় তাঁরা প্রয়োজনীয় ওষুধও নিতে পারছেন না। শিশু যাত্রীরাও না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে।

তিনি বলেন, যাত্রীদের লাউঞ্জে যেতে বলা হলেও একসঙ্গে এত মানুষের জায়গা হয়নি। ফলে অনেকে মেঝেতে ঘুমাচ্ছেন, আবার কেউ কেউ মাটিতে বসে আছেন। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সকালের নাশতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটি বর্তমানে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টরন্টো থেকে ঢাকায় আসার পথে জ্বালানি নেওয়ার জন্য রোমে ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল।

বিমানের যান্ত্রিক ত্রুটি সারাতে শনিবার দুপুর আড়াইটায় একদল প্রকৌশলী রোমের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি সমাধানের কাজ শেষ হলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিমানের দেওয়া সময়সূচি অনুযায়ী, সবকিছু পরিকল্পনামতো হলে যাত্রীদের মোট প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হবে। ফ্লাইটে বাংলাদেশি ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version