রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬   |   ২৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিনল্যান্ডের হ্যামেনলিন্না শহরে হেলসিঙ্কি-তাম্পেরে মহাসড়কের পাশ থেকে বাংলাদেশি নাফিস ইস্কান্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (৭ নভেম্বর) একটি গাড়ির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ নাফিসের পরিবারকে জানিয়েছে, গাড়িটি কয়েক দিন ধরে দুর্ঘটনাস্থলে পড়ে থাকলেও বিষয়টি কারও নজরে আসেনি।

পুলিশের তথ্য অনুযায়ী, মোরেনি ও কুমপ্পিতিয়ে র‍্যাম্পের মাঝামাঝি এলাকায় মহাসড়ক থেকে ছিটকে পাশের সবুজ এলাকায় পড়ে ছিল গাড়িটি। জায়গাটি এমনভাবে আড়ালে ছিল যে মহাসড়ক থেকে সহজে গাড়িটি দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনার পর কয়েক দিন পেরিয়ে গেলেও কেউ বিষয়টি টের পাননি। পরে দীর্ঘ অনুসন্ধানের পর গাড়িটির সন্ধান পায় পুলিশ।

ঘটনাটি দুটি দিক থেকে তদন্ত করছে পুলিশ। একদিকে সড়ক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে নাফিসের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। কীভাবে ও কেন দুর্ঘটনাটি ঘটেছে এবং তাঁর মৃত্যুর সঙ্গে দুর্ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ময়নাতদন্ত শেষে নাফিসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন প্রায় ৫০ বছর বয়সী নাফিস। তাঁকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল ফিনল্যান্ডের পুলিশ।

সর্বশেষ গত ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে তাম্পেরে শহরে দেখা গিয়েছিল তাঁকে। নাফিস তাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছিল পরিবার।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version