রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬   |   ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ঐতিহ্যবাহী ক্রিসমাস বা বড়দিনের বাজারগুলো। প্রতি বছর মহাদেশজুড়ে প্রায় ১ হাজার ৫০০টিরও বেশি ক্রিসমাস মার্কেট বসে। তবে এত বিশাল সমাহার থেকে নিজের পছন্দের গন্তব্যটি বেছে নেওয়া ভ্রমণকারীদের জন্য বেশ কঠিন। এই দ্বিধা দূর করতেই সম্প্রতি ইউরোপীয়ান বেস্ট ডেস্টিনেশন প্ল্যাটফর্মের মাধ্যমে ৮ লাখেরও বেশি পর্যটকের ভোটের ভিত্তিতে ২০২৬ সালের সেরা ক্রিসমাস মার্কেটের তালিকা প্রকাশ করা হয়েছে।

মোট ২০টি সেরা বাজারের মধ্য থেকে পর্যটকদের ভোটে নির্বাচিত শীর্ষ ৫টি ক্রিসমাস মার্কেটের বিস্তারিত তুলে ধরা হলো:

১. ক্রাইওভা, রোমানিয়া
রোমানিয়ার ক্রাইওভা শহরটির নাম হয়তো অনেকের কাছে অচেনা হতে পারে, তবে জনপ্রিয় বড় বড় শহরকে পেছনে ফেলে এ বছর পর্যটকদের ভোটে শীর্ষ স্থান দখল করেছে এই বাজারটি। ২ লাখ ৮০ হাজার বর্গমিটারেরও বেশি বিশাল এলাকাজুড়ে গড়ে ওঠা এই আয়োজনটিকে একটি রূপকথার রাজ্যে পরিণত করা হয়। ২০২৬ সালে এর মূল থিম ‘দ্য নাটক্র্যাকার’। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারির শুরু পর্যন্ত চলা এই মেলায় থাকে অসংখ্য আলোকসজ্জা, খেলনার ভাস্কর্য, আইস রিঙ্ক, বিশালাকার নাগরদোলা (ফেরিস হুইল) এবং ঐতিহ্যবাহী কাঠের দোকান। এ ছাড়া রোমানিয়া, আর্মেনিয়া, জর্জিয়া, গ্রিস, বুলগেরিয়া ও সার্বিয়ার সুস্বাদু খাবার এই বাজারের বড় আকর্ষণ।

২. জুরিখ, সুইজারল্যান্ড
চকলেট আর ব্যাংকিংয়ের জন্য পরিচিত হলেও জুরিখ ইউরোপের অন্যতম সেরা উৎসবমুখর গন্তব্য হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছে। অপেরা হাউস ও জুরিখ লেকের মধ্যবর্তী সেক্সেলোটেনপ্লাটজে বসা ‘ভিনাক্টসডর্ফ’ এখানকার প্রধান আকর্ষণ, যা ইউরোপের সবচেয়ে সুন্দর ক্রিসমাস মার্কেট হিসেবেও নির্বাচিত হয়েছে। আলপাইন ছোঁয়া, কাঠের ঘর, ঐতিহ্যবাহী ফনডু এবং মল্ড ওয়াইন ডোম এই বাজারের বিশেষত্ব। এছাড়া সুইস ন্যাশনাল মিউজিয়ামের আঙিনায় আলোক ও সংগীতের জাদুকরী প্রদর্শনীর আয়োজন করা হয়।

৩. রিগা, লাটভিয়া
ইউনেসকো ঘোষিত লাটভিয়ার রাজধানী রিগার ওল্ড টাউনের দোমা স্কয়ারে বসে এই ঐতিহ্যবাহী মেলা। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুরো চত্বর ভরপুর থাকে মল্ড ওয়াইন, ভাজা বাদাম ও দারুচিনির মিষ্টি সুবাসে। স্থানীয় হস্তশিল্প ও গরম উলের পোশাক ছাড়াও বাল্টিক লোকসংগীতের পরিবেশনা মেলাকে জীবন্ত করে তোলে। এছাড়া শহরের পার্ক ও খালগুলো লাটভিয়ান রূপকথার অনুপ্রেরণায় দৃষ্টিনন্দন আলো দিয়ে সাজানো হয়।

৪. লিসবন, পর্তুগাল
তুষারপাতের বদলে শীতের মিষ্টি রোদ আর মনোরম আবহাওয়ার মধ্যে ক্রিসমাস মার্কেটের অভিজ্ঞতা দেয় পর্তুগালের রাজধানী লিসবন। এদুয়ার্দো সপ্তম পার্কে আয়োজিত ‘ওয়ান্ডারল্যান্ড লিসবোয়া’ এ বছর ১১তম আসরে পা দিচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘দ্য রুটস অব ক্রিসমাস’। মেলায় বিশাল নাগরদোলা ও ঐতিহ্যবাহী ক্যারোসেলের পাশাপাশি পর্তুগিজ ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টির বিপুল আয়োজন থাকে। ২০২৫ সালে প্রায় ১২ লাখ মানুষ এই রৌদ্রোজ্জ্বল বাজারে ঘুরে গেছেন।

৫. দেব্রেসেন, হাঙ্গেরি
হাঙ্গেরির দ্বিতীয় বৃহত্তম শহর দেব্রেসেন তার ঐতিহ্যবাহী ক্রিসমাস আয়োজনের জন্য দারুণ জনপ্রিয়। মূল চত্বরজুড়ে থাকে কাঠের স্টল, খেলনা ও হস্তশিল্পের পসরা। সঙ্গে মেলে মল্ড ওয়াইন, ভাজা চেস্টনাট এবং হাঙ্গেরির বিখ্যাত ‘কুর্টোশকালাচ’ (চিমনি কেক)। উৎসবের মৌসুমে ১০০টিরও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২০০ জনের বেশি শিল্পীর পরিবেশনার পাশাপাশি এখানে রয়েছে আইস রিঙ্ক ও ফেয়ারিটেল টাউন।

ভ্রমণকারীদের ভোটে ইউরোপের সেরা ২০টি ক্রিসমাস মার্কেট:
১. ক্রাইওভা, রোমানিয়া
২. জুরিখ, সুইজারল্যান্ড
৩. রিগা, লাটভিয়া
৪. লিসবন, পর্তুগাল
৫. দেব্রেসেন, হাঙ্গেরি
৬. গভোনে ও আস্তি, ইতালি
৭. ফকেনবার্গ, নেদারল্যান্ডস
৮. ভিয়েনা, অস্ট্রিয়া
৯. মন্তবেলিয়ার্দ, ফ্রান্স
১০. প্যারিস, ফ্রান্স
১১. এডিনবার্গ, স্কটল্যান্ড
১২. মাদ্রিদ, স্পেন
১৩. উইনচেস্টার, ইংল্যান্ড
১৪. প্রাগ, চেক প্রজাতন্ত্র
১৫. ব্রুজ, বেলজিয়াম
১৬. ড্রেসডেন, জার্মানি
১৭. নুরেমবার্গ, জার্মানি
১৮. রাভেনা গর্জ, জার্মানি
১৯. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
২০. কোলন, জার্মানি

শেয়ার
মতামত দিন...

Exit mobile version