রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬   |   ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেক্সিট-পরবর্তী নতুন ভ্রমণ ব্যবস্থার কারণে ২০২৬ সালের শেষ দিকে স্পেন, ফ্রান্স, ইতালি ও ইউরোপের আরও কয়েকটি দেশে প্রবেশের সময় ব্রিটিশ পাসপোর্টধারীদের ফিরিয়ে দেওয়া হতে পারে।

নতুন এই ব্যবস্থা চালু হলে যুক্তরাজ্যের পর্যটকদের ইউরোপের প্রায় ৩০টি দেশে প্রবেশের জন্য ডিজিটাল ভ্রমণ অনুমোদন নিতে হবে এবং এর জন্য নির্ধারিত ফি দিতে হবে। ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থা (ইটিআইএএস) নামে পরিচিত এই ব্যবস্থায় যুক্তরাজ্যের নাগরিকদের নিবন্ধন করতে হবে। ভিসামুক্ত দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট ৩০টি দেশে ভ্রমণের ক্ষেত্রে শিগগিরই এটি প্রবেশের অন্যতম শর্ত হয়ে উঠবে।

বৈধ ইটিআইএএস অনুমোদন থাকলে ভ্রমণকারীরা এসব দেশে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য যতবার খুশি প্রবেশ করতে পারবেন। সাধারণত প্রতি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

প্রথম দিকে ইটিআইএএসের জন্য জনপ্রতি প্রায় ৭ ইউরো ফি নির্ধারণের কথা ছিল। তবে পরে জানানো হয়েছে, এই ফি প্রায় তিন গুণ বেড়ে ২০ ইউরো হবে।

১৮ বছরের কম বয়সী এবং ৭০ বছরের বেশি বয়সীদের এ ফি দিতে হবে না। অর্থাৎ দুই শিশুসহ চার সদস্যের একটি পরিবার ভ্রমণ করলে তাদের মোট ৪০ ইউরো খরচ হবে।

ব্যবস্থা চালু হওয়ার পর বৈধ ইটিআইএএস না থাকলে নিচের যেকোনো দেশে প্রবেশে বাধা দেওয়া হতে পারে—অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিশটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।

বিভিন্ন কারণে ইটিআইএএস চালু করতে একাধিকবার বিলম্ব হয়েছে। তবে আগামী কয়েক মাসের মধ্যেই এটি চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইটিআইএএস অনুমোদন ভ্রমণকারীর পাসপোর্টের সঙ্গে ইলেকট্রনিকভাবে সংযুক্ত থাকবে।

বেশিরভাগ আবেদন ‘প্রায় তাৎক্ষণিকভাবে’ অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আবেদনপত্রে কোনো ভুল শনাক্ত হলে তা প্রত্যাখ্যান হতে পারে। ইটিআইএএস আবেদন প্রত্যাখ্যানের কারণ হিসেবে অবৈধ পাসপোর্ট, ভ্রমণকারীকে ‘ঝুঁকি’ হিসেবে বিবেচনা করা, শেনজেন ইনফরমেশন সিস্টেমে (এসআইএস) সতর্কতা থাকা, অসম্পূর্ণ আবেদন জমা দেওয়া কিংবা বাধ্যতামূলক সাক্ষাৎকারে অংশ না নেওয়ার মতো বিষয় উল্লেখ করা হয়েছে।

ইটিআইএএসের আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট ব্যক্তির আপিল করার অধিকার থাকবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version