বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬   |   ২০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের উত্তরাঞ্চলে আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত একটি আটককেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার (২ নভেম্বর) গ্রিক পুলিশ এ তথ্য জানিয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে গ্রিসের সেরেস অঞ্চলের সিনতিকি এলাকার ক্লেইদি গ্রামের কাছে অবস্থিত ওই আটককেন্দ্র থেকে পালিয়ে যান তারা। কেন্দ্রটি আশ্রয়প্রার্থীদের অস্থায়ী আবাসনের জন্য ব্যবহৃত হয়।

পালিয়ে যাওয়া ১০ জনই বাংলাদেশের নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৩৭ বছরের মধ্যে।

পুলিশ জানায়, অভিবাসীদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তবে বাকি তিনজন এখনো পলাতক রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

রোববার পর্যন্ত কেন্দ্রটিতে মোট ১২৫ জন অভিবাসী অবস্থান করছিলেন।

সাম্প্রতিক মাসগুলোতে কেন্দ্রটিতে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনা দেখা দিয়েছে। সর্বশেষ পালিয়ে যাওয়ার ঘটনাটি কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সেরেস পুলিশ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়ানিস কুনিওস গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেন, কেন্দ্রটির বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। কিন্তু এখনো সেগুলোর যথাযথ সমাধান হয়নি।

তিনি কেন্দ্রটির অবকাঠামোগত সীমাবদ্ধতা, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং পুলিশ কর্মকর্তাদের জন্য অনিরাপদ কর্মপরিবেশের কথা তুলে ধরেন। এসব সমস্যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রটি বন্ধ করে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

কুনিওসের মতে, কেন্দ্রটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো আর বিচ্ছিন্ন নয়; বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যারই প্রতিফলন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version