বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬   |   ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের সঙ্গে উত্তেজনা বাড়লে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, ‘আমাদের সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা ভাবতে হবে।’ ইউরোনিউজ আয়োজিত ‘ডিফেন্স অ্যান্ড স্পেস সামিট’-এ তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এবং একটি বিধ্বংসী পারমাণবিক হামলা এড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচিত রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করা।

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণে। দেশটির মজুতকৃত আনুমানিক ৪ হাজার ৪০০টি ওয়ারহেডের মধ্যে ১ হাজার ৭৯৬টি কৌশলগতভাবে মোতায়েন করা রয়েছে।

ইউক্রেনে ইউরোপের ক্রমাগত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সমালোচনা করে একে ‘বলের দ্বারা শান্তি প্রতিষ্ঠার’ ব্যর্থ কৌশল বলে আখ্যা দেন রাদেভ। মঙ্গলবার তিনি বলেন, ‘শুধুমাত্র অস্ত্র সরবরাহ এবং সমর্থনের একটি সীমা আছে, কারণ চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠা কূটনীতির মাধ্যমেই হবে, অস্ত্র পাঠিয়ে নয়। তাই আমাদের আহ্বান হলো একে অপরের কথা বেশি করে শোনা, যোগাযোগের পথ উন্মুক্ত করা।’

রাদেভ আরও বলেন, ‘সমস্যা হলো কেউ পারমাণবিক ঝুঁকি নিয়ে কোনো প্রশ্ন তুলছে না। এটি কি বাস্তবে আছে? হয়তো নেই, আমি জানি না, তবে এটি একটি ঝুঁকি।’ তিনি যোগ করেন, ‘আমাদের সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা ভাবতে হবে। আমরা কি এর জন্য প্রস্তুত? কেউ কি ঝুঁকি মূল্যায়নের কথা বলছে? এটি কি আদৌ বিদ্যমান? কারণ আমরা সবচেয়ে বড় পারমাণবিক শক্তির বিরুদ্ধে একটি প্রচলিত বিজয় অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাম্প্রতিক বক্তব্যের সূত্র টেনে কথা বলেন রাদেভ। ল্যাভরভ বলেছিলেন, রাশিয়া ও ইউরোপের মধ্যকার যুদ্ধ হবে ‘সম্পূর্ণ ভিন্ন’ এবং ‘খুব সংক্ষিপ্ত’। তাঁর এই মন্তব্যকে পরোক্ষ পারমাণবিক হুমকি হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে ন্যাটোর কাছে একটি নথি পাঠিয়েছে মস্কো। সেখানে এই সামরিক জোটের হাত থেকে নিজেদের ভূখণ্ড রক্ষায় ‘পারমাণবিক অস্ত্রসহ তাদের হাতে থাকা বাহিনীর পুরো অস্ত্রাগার ও সক্ষমতা ব্যবহারের’ হুমকি দেওয়া হয়েছে।

ক্রেমলিনের ‘এ ধরনের কথাবার্তা’ প্রত্যাখ্যান করলেও এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাতে পারে, তা ভেবে দেখতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান রাদেভ।

ইউরোপীয় সমাজগুলোতে ভয় সঞ্চার এবং ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা প্রতিহত করার উদ্দেশ্যে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে মস্কো হাইব্রিড আক্রমণ জোরদার করায় উত্তেজনা ক্রমাগত বাড়ছে।

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘একটি পারমাণবিক তাস রয়েছে।’ তিনি ইঙ্গিত করেন যে, দুর্বল বা কোণঠাসা হয়ে পড়লে রাশিয়া হয়তো এই তাস ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, ‘আমাদের এটি বিবেচনায় নিতে হবে। আমাদের মহাদেশে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং রাশিয়ার অস্ত্রাগারেও পারমাণবিক অস্ত্র আছে—এই সত্য থেকে আমরা চোখ ফিরিয়ে রাখতে পারি না। এটি খেলার হিসাব-নিকাশেরই একটি অংশ।’

চলতি বছরের শুরুর দিকে নির্বাচিত হওয়ার পর থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন বন্ধে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পৃক্ততার পক্ষে অবস্থান নেওয়া ইউরোপীয় নেতাদের সংখ্যালঘু অংশে রয়েছেন রাদেভ। স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়াও আলোচনার ওপর জোর দিয়েছে।

তবে অন্যদের যুক্তি, অর্থপূর্ণ আলোচনায় ক্রেমলিনের কোনো আগ্রহ নেই এবং তারা তাদের সর্বোচ্চ দাবিগুলোর বিষয়ে অনড় রয়েছে। গত সপ্তাহে নিউইয়র্কে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এবং ল্যাভরভের মধ্যকার একটি সংক্ষিপ্ত বৈঠক তিক্ত বাদানুবাদের মধ্য দিয়ে শেষ হয়েছিল।

অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে হোয়াইট হাউসের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এর পরিবর্তে রাশিয়া কৃষ্ণসাগর অবরুদ্ধ করেছে এবং ইউক্রেনের শহরগুলোতে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

আগের এসব ঘটনার পরও নিজের অবস্থানে অনড় থেকে রাদেভ জোর দিয়ে বলেন, ইউরোপের উচিত তাদের ‘সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক পন্থাগুলোর’ মধ্যে ভারসাম্য এনে শেষটির (কূটনীতি) পক্ষে দাঁড়ানো। চলতি বছর প্যাট্রিয়ার্ক কিরিলের ওপর নিষেধাজ্ঞায় ভেটো দেওয়ায় তাঁর সরকারের ওপর ‘রাশিয়া-পন্থি’ যে তকমা দেওয়া হয়েছে, তা-ও তিনি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।’ তিনি আরও যোগ করেন, ‘এটি প্রতিপক্ষের কৌশলগত শক্তির মূল কেন্দ্র মূল্যায়নের সক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। সবচেয়ে বড় কথা, এটি কার্যকর রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ, তা একটি সঠিক সামরিক কৌশলে রূপান্তর এবং কাঙ্ক্ষিত সমাপ্তি নির্ধারণের সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে।’

রাদেভ বলেন, ‘আমরা কূটনীতির শক্তিকে পুরোপুরি কাজে লাগাইনি, আমাদের আরও বেশি কিছু করা এবং বলা প্রয়োজন।’

শেয়ার
মতামত দিন...

Exit mobile version