শীতকালে তুরস্ক ভ্রমণের পরিকল্পনাকারীদের জন্য ‘আর্লি বার্ড’ শীর্ষক বিশেষ ছাড়ের সুবিধা নিয়ে এসেছে টার্কিশ এয়ারলাইনস। এই সুবিধার আওতায় পর্তুগালের পোর্তো থেকে জনপ্রতি সর্বনিম্ন ২০৯ ইউরোতে যাওয়া-আসার (রিটার্ন) টিকিট পাওয়া যাবে।
আগামী মাসগুলোতে পর্তুগাল ও তুরস্কের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের লক্ষ্য করে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে। এর আওতায় দেশটির রাজধানী লিসবন থেকে ফিরতি ফ্লাইটে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া শুরু হচ্ছে ২১৯ ইউরো থেকে।
এয়ারলাইনটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভ্রমণের জন্য টিকিট আগামী ৯ অক্টোবরের মধ্যেই ক্রয় করতে হবে।
তবে বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষের ছুটির কারণে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সময়ের ভ্রমণে এই বিশেষ ছাড় প্রযোজ্য হবে না।
এই অফার কেবল টার্কিশ এয়ারলাইনসের সরাসরি পরিচালিত ফ্লাইটগুলোর ফিরতি যাত্রার টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পাওয়া যাবে।
নিয়ম অনুযায়ী, টিকিট রিজার্ভেশন করার এক দিনের মধ্যেই তা চূড়ান্তভাবে ইস্যু বা ক্রয় করতে হবে। সংস্থাটি জানিয়েছে যে এ সুবিধার আওতায় আসন সংখ্যা সীমিত এবং দলগত ভ্রমণের (গ্রুপ বুকিং) ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে না। এ ছাড়া ক্যাম্পেইনের যেকোনো শর্ত পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে টার্কিশ এয়ারলাইনস।
