বুধবার, ১৮ই মার্চ, ২০২৬   |   ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। আজ রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই চার ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে কোন চারটি দল কোয়ার্টার ফাইনালে যাচ্ছে আর কাদের বাজবে বিদায়ঘণ্টা। সবার নজর থাকবে ইতিহাদ স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।

আর্সেনাল বনাম বায়ার লেভারকুসেন (১-১) আজকের সবচেয়ে সমানে-সমান লড়াই হতে যাচ্ছে আর্সেনাল ও বায়ার লেভারকুসেনের মধ্যে। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই দলই এখন একই সমান্তরালে। তবে ঘরের মাঠে আর্সেনাল বেশ শক্তিশালী; ঘরের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বশেষ ২২ ম্যাচে মাত্র একবার হেরেছে আর্সেনাল, জিতেছে ১৬টিতে। অন্যদিকে, ২০০১-০২ মৌসুমের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর লেভারকুসেন।

ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ (০-৩) প্রথম লেগের ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে আজ বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ ইউরোপীয় প্রতিযোগিতায় ৩৬ বার প্রথম লেগে ৩ বা তার বেশি গোলে জিতেছে এবং প্রতিবারই তারা পরের রাউন্ডে উঠেছে। গত ম্যাচে সিটির গোলমেশিন আর্লিং হালান্ড কোনো শটই নিতে পারেননি, যা ভক্তদের জন্য ছিল বড় বিস্ময়। আজ সিটির সামনে অসাধ্য সাধনের লড়াই।

চেলসি বনাম পিএসজি (২-৫) ঘরের মাঠে প্রথম লেগে ৫-২ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ইংলিশ ক্লাব চেলসিকে তাই ৩ গোলের ব্যবধানটা ঘোচাতে হবে আগে, জিততে হবে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে। স্ট্যামফোর্ড ব্রিজে খেলা সর্বশেষ ম্যাচে জিতেছিল পিএসজিও। ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে ঘরের মাঠে খেলা সর্বশেষ ১১ ম্যাচের ফল আশা দেখাচ্ছে চেলসিকে। ওই ১১ ম্যাচে মাত্র ১ বার হেরেছে চেলসি, জিতেছে ৭টিতে।

স্পোর্টিং সিপি বনাম বোডো/গ্লিম্ট (০-৩) পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্টের মুখোমুখি হবে। এবারের বিস্ময় নরওয়েজীয় ক্লাব বোডো/গ্লিমট ঘরের মাঠে প্রথম লেগটা জিতেছে ৩-০ গোলে। যদি তারা আজ জিততে পারে, তবে ১৯৯৬-৯৭ মৌসুমের পর দ্বিতীয় নরওয়েজিয়ান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়বে তারা।

ইউরোপের সেরা এই লড়াইগুলো সরাসরি সম্প্রচার করা হবে সুপারস্পোর্ট টিভিতে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version