শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬   |   ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ৩৬ বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের বিস্ত্রিকা এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

বসনিয়ার সীমান্ত পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যার আগে সাভা নদী পার হয়ে ক্রোয়েশিয়ায় প্রবেশের প্রস্তুতিকালে দুটি নৌকা থেকে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়। নদী পারাপারে ব্যবহারের জন্য রাখা দুটি নৌকাও জব্দ করে পুলিশ।

পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। দ্বিতীয় দলে ছিলেন ১৮ জন আফগান, ১৩ জন বাংলাদেশি ও দুজন পাকিস্তানি নাগরিক।

বসনিয়ার সীমান্ত দিয়ে বৈধ নথিপত্র ছাড়া অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা নতুন নয়। দেশটির সীমান্তবর্তী অঞ্চলটি ইউরোপে প্রবেশের অন্যতম পথ হিসেবে পরিচিত ‘বলকান রুট’-এর অংশ।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বলকান রুটে ৪ হাজার ৯০০টির বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা শনাক্ত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৬ শতাংশ কম।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version