বিদেশি কর্মীদের জন্য নতুন একটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন এ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের ডেনমার্কে নিয়োগ দিতে পারবেন শর্ত পূরণকারী নিয়োগকর্তারা।
অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থার ফলে ডেনিশ প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ আরও বাড়বে।
নতুন কর্মসংস্থান ব্যবস্থার আওতাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনিগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেনের নাগরিকরাও এ ব্যবস্থার আওতায় থাকবেন।
তালিকায় আরও রয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডা। ফলে এসব দেশের দক্ষ কর্মীদের জন্য ডেনমার্কে চাকরি ও ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।
নতুন অভিবাসন পথটি ডেনমার্কের সব নিয়োগকর্তার জন্য উন্মুক্ত থাকবে না। বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কোনো যৌথ শ্রমচুক্তির আওতায় থাকা এবং অন্তত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি ডেনমার্কে প্রতিষ্ঠানটির কমপক্ষে ১০ জন পূর্ণকালীন কর্মী থাকতে হবে।
শর্ত পূরণকারী নিয়োগকর্তাকে ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর নির্ধারিত যোগ্যতা পূরণের সনদ পাওয়ার পরই তারা নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পাবেন।
নতুন ব্যবস্থার আওতায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের বার্ষিক বেতন কমপক্ষে ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার হতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা।
ডেনমার্কে প্রচলিত কয়েকটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থার তুলনায় এই বেতনসীমা তুলনামূলক কম। ফলে নির্দিষ্ট কিছু নিয়োগকর্তা ও দক্ষ কর্মীর জন্য নতুন এ অভিবাসন পথ তুলনামূলক সহজ হতে পারে।
তবে বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাকে নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য সব শর্ত পূরণ করতে হবে।
