আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সহযাত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ৬৭ বছর বয়সী এক যাত্রীর বিরুদ্ধে। এ সময় এক বিমানবালাকে বর্ণবাদী ও সমকামী বিদ্বেষমূলক গালিগালাজও করেন তিনি। পরে তাকে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখেন অন্য যাত্রীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) টেক্সাস থেকে নিউ জার্সির নেওয়ার্কগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রীর নাম আর্থার লানডিন। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর হঠাৎ পাশের সিটে বসা এক যাত্রীর ওপর চড়াও হন লানডিন। একপর্যায়ে দুই হাত দিয়ে ওই যাত্রীর গলা চেপে ধরেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক কৃষ্ণাঙ্গ বিমানবালা, বিমানে থাকা সাবেক এক পুলিশ কর্মকর্তা এবং কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। তবে তাদের বাধা উপেক্ষা করে লানডিন কুরুচিপূর্ণ, বর্ণবাদী ও সমকামী বিদ্বেষমূলক ভাষায় গালিগালাজ করতে থাকেন।
একপর্যায়ে সাবেক পুলিশ কর্মকর্তা জুয়ান মেহিয়া ও অন্য যাত্রীরা লানডিনের হাত প্লাস্টিকের জিপ-টাই দিয়ে বেঁধে ফেলেন। পরে ডাক্ট টেপ পেঁচিয়ে তাকে সিটের সঙ্গে আটকে রাখা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা জুয়ান মেহিয়া সংবাদমাধ্যম সিবিএসকে বলেন, ‘মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশ হট্টগোলে পরিণত হয়। আমি পেছনে তাকিয়ে দেখি, এক অসহায় যাত্রীর গলা চেপে ধরে আছেন ওই ব্যক্তি। তাকে থামানোর পর তিনি নারী ও অন্য সহযাত্রীদের অপমানজনক ভাষায় গালিগালাজ শুরু করেন।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত ১০টা ১৫ মিনিটের দিকে বিমানটি বাল্টিমোর-ওয়াশিংটন আন্তর্জাতিক (বিডব্লিউআই) বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে পুলিশ বিমানে উঠে লানডিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও সহযাত্রীর ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে।
আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানে যেকোনো ধরনের সহিংস আচরণের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য কর্মী ও সহযাত্রীদের ধন্যবাদ জানিয়েছে এয়ারলাইনটি।
ঘটনাটি যৌথভাবে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। লানডিনের বিরুদ্ধে ফেডারেল অপরাধের অভিযোগ আনা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তদন্তের পর।
ফেডারেল আইন অনুযায়ী, বিমানকর্মীদের ওপর হামলা বা তাদের দায়িত্ব পালনে বাধা দিলে ফৌজদারি শাস্তির পাশাপাশি সংশ্লিষ্ট বিমান সংস্থাকে সর্বোচ্চ ৪৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এ বছর যুক্তরাষ্ট্রে বিমানে যাত্রীদের বিশৃঙ্খল আচরণের ১ হাজার ১৬০টিরও বেশি ঘটনা নথিভুক্ত করেছে এফএএ।
