রবিবার, ২৬শে জুলাই, ২০২৬   |   ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্ব এবং আবেদন প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে কোনো বাধা ছাড়াই উচ্চশিক্ষা গ্রহণ নিশ্চিত করতে পারেন, সেজন্য ডাচ সরকারের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন’ (TAC)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে ড. খলিলুর রহমান এই উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং যৌথ স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং বদ্বীপ (ডেল্টা) উন্নয়নে উন্নত প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে জোর দেওয়া হয়।

এ সময় বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত জটিলতা দূর করার অনুরোধ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান। জবাবে ডাচ পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন বিষয়গুলো সন্তোষজনক সমাধানের লক্ষ্যে দ্রুত পর্যালোচনার আশ্বাস দেন।

একই সঙ্গে, বাংলাদেশের নতুন সরকারের গৃহীত নানা সংস্কারমূলক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তথ্যসূত্র: ইত্তেফাক

শেয়ার
মতামত দিন...

Exit mobile version