ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘প্যাক্ট অন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম’ আগামী ১২ জুন ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। দুই বছরের দীর্ঘ অন্তর্বর্তীকালীন সময় শেষে এই চুক্তিটি পূর্ণাঙ্গ প্রয়োগের জন্য সদস্য দেশগুলো এখন তাদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে। ইউরোপীয় কমিশন প্রকাশিত সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়েছে যে, নতুন এই আইনি কাঠামোর মূল ভিত্তি হলো সদস্য দেশগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগি এবং সংহতি বজায় রাখা।
ইইউ কমিশনের প্রতিবেদনে অভিবাসন কূটনীতির সাফল্যের চিত্র উঠে এসেছে; পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অবৈধ সীমান্ত পারাপারের ঘটনা ২৬% হ্রাস পেয়েছে। নতুন এই চুক্তির মাধ্যমে ইউনিয়নকে যেকোনো ধরণের অভিবাসন সংকট মোকাবিলায় আরও দক্ষ এবং স্থিতিস্থাপক করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ জুন থেকে এই নতুন ফ্রেমওয়ার্ক চালু হলে ইউরোপে আশ্রয় আবেদন এবং অভিবাসন ব্যবস্থাপনায় এক স্বচ্ছ ও নিয়ন্ত্রিত পদ্ধতি চালু হবে বলে আশা করছে ইইউ কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: ইউরোপীয় কমিশন
