ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পোল্যান্ড, বুলগেরিয়া ও স্পেনের অন্তত চারটি ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়া যায়। এতে কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করতে হয়। নিরাপত্তা তল্লাশির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় পোল্যান্ডের একটি বিমানবন্দরও। তবে এখন পর্যন্ত কোনো উড়োজাহাজে বিস্ফোরক পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডন থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী পোলিশ এয়ারলাইনস লটের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটিকে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে ওয়ারশ-মডলিন বিমানবন্দরে অবতরণ করানো হয়। উড়োজাহাজটিতে ১৮১ জন যাত্রী ও ক্রু ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৫৪ মিনিটে উড়োজাহাজটিতে বোমা হামলার হুমকির সতর্কতা পাওয়া যায়। এর সাত মিনিট পর সকাল ১০টা ১ মিনিটে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটি মডলিন বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী ও ক্রুদের নামিয়ে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। এ সময় সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে তা আবার চালু করা হয়। তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
একই সময়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে ওয়ারশগামী স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের (এসএএস) আরেকটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি পাওয়া যায়। পরে উড়োজাহাজটি ওয়ারশ-শোপেন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তল্লাশি চালানো হলেও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়নি।
এদিকে, ইসরায়েল থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী একটি উড়োজাহাজেও ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা বিটিএ জানায়, উড়োজাহাজটি অবতরণের পর তাতে বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করে সন্ত্রাসবাদবিরোধী নিরাপত্তা বাহিনী।
অন্যদিকে, স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর বিমানবন্দরের কিছু অংশ ঘিরে ফেলা হয়। পরে কর্তৃপক্ষ জানায়, হুমকিটি ভুয়া ছিল। তল্লাশিতে বিস্ফোরক না পাওয়ায় বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক করা হয়।
এর আগের দিন সোমবারও লন্ডন থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়। এ ঘটনায় উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবতরণ করানো হয়।
