ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আয়ের বৈষম্য এখন আকাশচুম্বী। সাম্প্রতিক এক অর্থনৈতিক প্রতিবেদনে দেখা গেছে, ইউরোপের এক প্রান্তের মানুষের পকেটে যখন উপচে পড়া টাকা, অন্য প্রান্তের দেশগুলো তখন গড়ের চেয়ে অনেক নিচে অবস্থান করছে।
ইউরোস্ট্যাট এর ২০২৫ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্রয়ক্ষমতার সমতা বিচারে ইউরোপের সবথেকে ধনী দেশ হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে লুক্সেমবার্গ, আর তালিকার সবথেকে নিচে অবস্থান করছে বুলগেরিয়া ও গ্রিস।
ইউরোপীয় ইউনিয়নের গড় আয়কে ১০০ ধরলে, লুক্সেমবার্গের অবস্থান ২৩৯ শতাংশে, যা গড়ের চেয়ে ১৩৯ শতাংশ বেশি। এর পরেই ২৩৭ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আয়ারল্যান্ড। বহুজাতিক কোম্পানিগুলোর বিশাল উপস্থিতির কারণে আয়ারল্যান্ডের জিডিপি এত শক্তিশালী বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, বুলগেরিয়া ও গ্রিস ইইউ গড়ের চেয়ে ৩২ শতাংশ নিচে (৬৮%) অবস্থান করছে, যা তাদের অর্থনৈতিক নাজুক অবস্থাকেই ফুটিয়ে তুলছে।
ইউরোপের ‘বিগ ফোর’ ও মাথাপিছু জিডিপি:
ইউরোপের প্রধান চারটি অর্থনীতির মধ্যে কেবল জার্মানি (১১৫%) গড়ের উপরে রয়েছে। বাকি তিনটির মধ্যে ফ্রান্স (৯৮%), ইতালি (৯৬%) এবং স্পেন (৯২%) গড়ের নিচে অবস্থান করছে। আর্থিক অংকের হিসেবে:
লুক্সেমবার্গ: মাথাপিছু জিডিপি ৯৯,৩০০ ইউরো
বুলগেরিয়া: মাত্র ২৮,৩০০ ইউরো
জার্মানি: ৪৭,৯০০ ইউরো
ফ্রান্স: ৪০,৭০০ ইউরো
ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকলেও নরওয়ে (১৬০%) এবং সুইজারল্যান্ড (১৫১%) অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে ইইউ সদস্যপদ প্রত্যাশী দেশগুলোর অবস্থা বেশ করুণ; আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার মাথাপিছু জিডিপি ইইউ গড়ের মাত্র ৪২ শতাংশ।
মজার ব্যাপার হলো, একসময়ের সদস্য যুক্তরাজ্য বর্তমানে ইইউ গড়ের প্রায় সমান (৯৯%) অবস্থানে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের প্রতি তিনজনের মধ্যে মাত্র একজন বর্তমানে এমন দেশে বাস করেন যার আয় ইইউ গড়ের উপরে।
