মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬   |   ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, একটি গোল্ডফিশ বা সোনালি মাছ এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম লিখিয়েছে। নেদারল্যান্ডসের কম্পিউটার প্রকৌশলী থমাস ডি উলফ এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে একটি ছোট্ট গাড়ি দিব্যি চালিয়ে নিয়ে যাচ্ছে অ্যাকোয়ারিয়ামে থাকা একটি গোল্ডফিশ।

ছোট একটি চার চাকার গাড়ির ওপর বসানো হয়েছে পানিভর্তি অ্যাকোয়ারিয়াম। মাছটি অ্যাকোয়ারিয়ামের ভেতরে যেদিকে সাঁতার কেটে যাচ্ছে, বিশেষ সেন্সরের মাধ্যমে গাড়িটিও ঠিক সেদিকেই চলতে শুরু করে।

ইতালির মিলানে একটি টিভি অনুষ্ঠানে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে গোল্ডফিশটি মাত্র এক মিনিটে ১২.২৮ মিটার (প্রায় ৪০ ফুট) পথ পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে। গিনেস কর্তৃপক্ষ কৌতুক করে লিখেছে, “গোল্ডফিশ হতে পারে আপনার পরবর্তী উবার চালক!”

উদ্ভাবক থমাস ডি উলফ বলেন, তাঁর প্রতিদিনের একঘেয়ে কাজকে আনন্দদায়ক করতেই এই অদ্ভুত প্রজেক্টের শুরু। তিনি দেখাতে চেয়েছেন যে প্রযুক্তিকে কেবল সিরিয়াস কাজেই নয়, বরং মানুষের বিনোদনের জন্যও দারুণভাবে ব্যবহার করা সম্ভব।

মজাদার এই উদ্ভাবনটি কেবল হাসির খোরাক নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বড় এক সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে, এই একই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে বিশেষভাবে সক্ষম বা শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের জন্য আরও উন্নত ও স্বয়ংক্রিয় যাতায়াত ব্যবস্থা তৈরি করা যেতে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version