সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬   |   ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের একটি মহাসড়কে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রোববার (১৭ আগস্ট) ভোরে দেশটির কাউন্টি কিলডেয়ারের এম৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে অ্যাথির কাছে এম৯ মহাসড়কের ৩ নম্বর জংশনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত পাঁচজনই কিশোর এবং সবাই পুরুষ।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে নিহতদের মরদেহ নাস জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ময়নাতদন্ত করার কথা রয়েছে।

অন্য গাড়িতে থাকা চারজনও গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু। গাড়িটির নারী চালক ও সামনের আসনে থাকা নারী যাত্রীকে ডাবলিনের টালাঘট ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের অবস্থাই সংকটজনক। তাদের বয়স যথাক্রমে ত্রিশ ও বিশের কোঠায়।

পেছনের আসনে থাকা বিশের কোঠার আরেক নারী যাত্রীকে সেন্ট লুকস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও গুরুতর আহত। অন্য যাত্রী একটি শিশু। তাকে ডাবলিনের ক্রামলিনে চিলড্রেনস হেলথ আয়ারল্যান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এম৯ মহাসড়কের উত্তরমুখী লেনে একটি গাড়ি দক্ষিণমুখী হয়ে চলছিল। বিপরীত দিক থেকে আসা গাড়িটির সঙ্গে কিছুক্ষণ পরই সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আয়ারল্যান্ডের গার্দা কমিশনার জাস্টিন কেলি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক ও ভিউ পাওয়ার আশায় মহাসড়কে উল্টো পথে গাড়ি চালানোর মতো বিপজ্জনক কর্মকাণ্ডে কিছু চালকের জড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনক।

কেলি বলেন, নিহতরা পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে যাতায়াত করছিলেন। কিন্তু উল্টো পথে আসা একটি গাড়ি তাদের গাড়িতে আঘাত করে। দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া গাড়ি চালনার ভয়াবহ পরিণতি এই দুর্ঘটনায় আবারও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর মাত্র এক সপ্তাহ আগে ডাবলিনের এম৫০ মহাসড়কেও উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নয়জন আহত হয়েছিলেন।

রোববারের দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি পুলিশের ওমবাডসম্যান সংস্থা ফিওসরুর কাছে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী এবং কারও গাড়ির ড্যাশক্যামে এ ঘটনার ভিডিও ধারণ হয়ে থাকলে তা পুলিশকে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version